তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ১৯:৪৬
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন: ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে বিস্তারিত আলোচনা কর। ডেটা ট্রান্সমিশন মোড বলতে ডেটা কোন দিক থেকে কোন দিকে আদান বা প্রদান করা হচ্ছে তাকে বুঝায়। অর্থাত্ ডেটা আদান-প্রদান দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। যথা - ১.সিমপ্লেক্স মোড (Simplex Mode) ২.হাফ ডুপ্লেক্স মোড (Half Duplex Mode) ৩.ফুল ডুপ্লেক্স মোড (Full Duplex Mode) সিমপ্লেক্স মোড: একদিকে ডেটা প্রেরণের মোড বা প্রথাকে বলা হয় সিমপ্লেক্স । এ পদ্ধতিতে শুধুমাত্র একদিক থেকে ডেটা প্রেরণ করা যায় এবং অপর প্রান্তে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায়। অর্থাত্ এক্ষেত্রে যে কোন একটি প্রান্তে ডেটা প্রেরণ বা গ্রহণের যে কোন একটি বাস্তবায়ন সম্ভব। যেমন - পেজার, রেডিও, টেলিভিশন ইত্যাদি। উপরের চিত্রে দেখানো হয়েছে শুধুমাত্র A প্রান্ত থেকে B প্রান্তে ডেটা প্রেরণ করা যায়, কিন্তু বিপরীত দিক থেকে অর্থাত্ B প্রান্ত থেকে A প্রান্তে ডেটা প্রেরণ করা যায় না। হাফ ডুপ্লেক্স মোড: এই পদ্ধতিতে উভয় দিকে উপাত্ত প্রেরণ ও গ্রহণের সুযোগ থাকে কিন্তু একই সময়ে তা সম্ভব নয় এ ধরণের পদ্ধতিকে হাফ ডুপ্লেক্স বলে। এখানে ব্যবহূত যন্ত্রাংশগুলো ডেটা প্রেরণ ও গ্রহণ উভয়টি করতে সক্ষম। তবে এ পদ্ধতিতে একদিক থেকে ডেটা প্রেরণ করা শেষ হলে অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা যায়। অর্থাত্ এক্ষেত্রে একই সাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায় না। যেমন - ওয়াকিটকি, ফ্যাক্স ইত্যাদি। উপরের চিত্রে দেখানো হয়েছে শুধুমাত্র A প্রান্ত থেকে B প্রান্তে ডেটা প্রেরণ কাজ শেষ হলে বিপরীত দিক থেকে অর্থাত্ B প্রান্ত থেকে A প্রান্তে ডেটা প্রেরণ করা যায়। ফুল ডুপ্লেক্স মোড: এটি হল দ্বিমুখী উপাত্ত যোগাযোগ ব্যবস্থা। এ পদ্ধতিতে একই সময়ে উভয় প্রান্তে ডেটা প্রেরণ করা যায় এবং উভয় প্রান্ত থেকে ডেটা গ্রহণ করা যায়। অর্থাত্ এক্ষেত্রে একই সময়ে যে কোন প্রান্ত ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। যেমন- টেলিফোন, মোবাইল, কম্পিউটার নেটওর্য়াক কমিউনিকেশন ইত্যাদি। উপরের চিত্রে দেখানো হয়েছে A এবং B প্রান্তে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়।