সিটির সামনে আজ এভারটন বাধা

আপডেট : ০২ মে ২০১৪, ২১:২৩
ম্যানচেস্টার সিটি যদি আজ এভারটনের মাঠে তাদের জয় খরা ঘোচাতে পারে, তাহলে প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে বড় একটা বাধা পেরোবে তারা। তবে সিটিকে আজ পয়েন্ট বঞ্চিত করতে পারলে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফে খেলার সুযোগ থাকছে এভারটনের সামনেও। সুতরাং, এই মৌসুমে গুডিনস পার্কে মাত্র দুটি ম্যাচ হারা স্বাগতিকদের বিরুদ্ধে কঠিন এক চ্যালেঞ্জই হয়তো অপেক্ষা করছে সিটির জন্য। লিভারপুল-চেলসির চাইতে পিছিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে থাকলেও গত রবিবার রাতে হঠাত্ করেই লিগ শিরোপার দৌড়ে এগিয়ে যায় সিটি। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-০ গোলে পাওয়া জয়ে ২০১২ সালের চ্যাম্পিয়নদের পয়েন্ট দাঁড়ায় ৭৭। অন্যদিকে, তাদের চাইতে এক ম্যাচ বেশি খেলা চেলসি ও লিভারপুলের পয়েন্ট যথাক্রমে ৭৮ ও ৮০। কিন্তু, সিটির ৩৫ ম্যাচের বিপরীতে তারা খেলেছে ৩৬ ম্যাচ। এখন সিটি যদি বাকি তিনটি ম্যাচ জিতে যায় এবং লিভারপুলও তার অবশিষ্ট দুই ম্যাচে পয়েন্ট না হারায় সেক্ষেত্রে দু’দলেরই পয়েন্ট হয়ে যাবে সমান। সেক্ষেত্রে শ্রেয়তর গোল ব্যবধানে শিরোপা জিতবে সিটিই। এভারটনের বিরুদ্ধে এই ম্যাচের পর নিজেদের মাঠে অ্যাস্টন ভিলা ও ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে পরের দুটি ম্যাচ খেলবে তারা। তবে গোল ব্যবধানের সেই কঠিন হিসাব-নিকাশের আগে গুডিসন পার্কে আজ জয় চাই সিটির। কিন্তু, ইতিহাস এখানে কথা বলছে সিটির বিরুদ্ধেই। কারণ, এভারটনের মাঠে ম্যানুয়েল পেলিগ্রিনির দলের সর্বশেষ জয়টি এসেছে ১৯৯২ সালে। তাছাড়া, চলতি মৌসুমে স্বাগতিক দর্শকদের সামনে মাত্র দুটি ম্যাচ হেরেছে এভারটন। লিভারপুলের বিরুদ্ধে অ্যানফিল্ডে ৩-২ গোলে হেরে পিছিয়ে পড়ার পর গত সপ্তাহে লিভারপুলের পরাজয়ে শিরোপা পুনরুদ্ধারের আরেকটি সুযোগ এখন সিটির সামনে। দলের মিডফিল্ডার ফার্নান্দিনহোর বিশ্বাস এবার আর সুযোগটা হেলায় হারাবে না তার দল। এই ব্রাজিলিয়ান বলেন, ‘এটা (শিরোপা দৌড়) অনেকটাই পাল্টে গেছে। আমাদের সামনে চ্যাম্পিয়ন্স হবার আরেকটি সুযোগ এসেছে। আমাদের সম্ভাবনা অন্য কোন দলের উপর নয়, বরং আমাদের উপরই নির্ভর করছে। এই বিষয়টিই অনেক কিছু পাল্টে দিয়েছে। এটা আসলে মানসিকভাবে আপনাকে অনেক শক্তিশালী করে তুলবে। আমরা অনেকদিন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। আর মানসিকভাবেও সবাই খুবই শক্তিশালী অবস্থায় আছে।’ এদিকে, ক্রিস্টাল প্যালেস ও সাউদাম্পটনের কাছে হেরে আর্সেনালের কাছে চতুর্থ স্থান হারানো এভারটন আজ জিতলে শীর্ষ চারে ফেরার আরেকটি সুযোগ পাচ্ছে। তবে সেক্ষেত্রে কাল পয়েন্ট খোয়াতে হবে আর্সেনালকেও। সিটির বিরুদ্ধে আজকের ম্যাচ দিয়েই দীর্ঘ চোট বিরতি শেষে দলে ফিরছেন অধিনায়ক ফিল জাজিয়েলকা। আগের সপ্তায় চোটের কারণে মাঠে নামতে না পারা মিডফিল্ডার সিলভেইন ডিস্টিনও ফিরতে পারেন আজ। ওয়েবসাইট