হঠাত্ পদত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটা চ্যালেঞ্জের মুখেই ঠেলে দিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ শেন জার্গেনসেন। তবে, এই চ্যালেঞ্জ মোকাবিলার পথেই হাঁটছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সিঙ্গাপুর থেকে চিকিত্সা নিয়ে দেশে ফিরে তিনি জানিয়েছেন, আজ শনিবার বোর্ড পরিচালকদের সাথে আলোচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। একই দিনে ঢাকায় ফেরেন এই অস্ট্রেলিয় কোচও।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে শেন জার্গেনসেনের মেয়াদ আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু, সময় শেষ হবার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ায় বসে বিসিবিকে গত সোমবার পাঠানো এক মেইলে তিনি আগামী জুন মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
বোর্ড সভাপতি দেশের বাইরে থাকায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যাচ্ছিল না। গত বৃহস্পতিবার দেশে ফিরে এসে পাপন জানান, তিনি আজ শনিবারই সব কিছুর অবসান ঘটাতে চান। কি হতে যাচ্ছে সেই সিদ্ধান্ত। দেশে ফিরে গণমাধ্যমের কাছে বোর্ড সভাপতি অবশ্য জার্গেনসেনের প্রতি কিছু নমনীয় থাকারই আভাস দিলেন, ‘দলের পারফরম্যান্স বিবেচনা করলে তাঁর ব্যাপারে এক রকম সিদ্ধান্ত নেয়া হতে পারে। কিন্তু মানুষ হিসেবেও অনেক ভাল। আর খেলোয়াড়রাও ওর সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা বিবেচনায় নিলে সিদ্ধান্তটা হবে অন্যরকম। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানসহ বোর্ডের অন্য পরিচালকদের সাথে শনিবার আমি বসবো। জার্গেনসেনের সাথেও কথা হবে। ওদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব।’ জার্গেনসেন ঢাকায় ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে বলেন, আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, ‘আগামী কিছুদিনের মধ্যে আমার বিসিবির সাথে কথা হবে। এর আগে এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না। তবে, এটা মোটেই আবেগী কোন সিদ্ধান্ত ছিল না। এমন গুরুতর একটা ব্যাপারে কখনওই আবেগের বশবর্তী হওয়া যায় না।’
স্টুয়ার্ট ল’ দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ২০১২ সালের মে’তে দায়িত্ব নেন জার্গেনসেন। পরে জুনে রিচার্ড পাইবাস দায়িত্ব নিলে বোলিং কোচের দায়িত্বে ফিরে যান তিনি। অক্টোবরে পাইবাসের বিদায়ের পর আবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ফেরেন জার্গেনসেন। এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে জার্গেনসেনকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রধান কোচ ঘোষণা করে বিসিবি। পরে জুলাইয়ে ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব দেয়া হয়।
কোচ শেন জার্গেনসেনের সব ভাবনা এখন ভারতের বিপক্ষে সিরিজকে ঘিরে। আগামী জুন মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। সেই প্রসঙ্গে জার্গেনসেন বলেন, ‘এই মুহূর্তে আমার সকল মনোযোগ ভারতের বিপক্ষে সিরিজকে ঘিরে। এটা নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবছি।’
বোর্ড সভাপতি দেশের বাইরে থাকায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যাচ্ছিল না। গত বৃহস্পতিবার দেশে ফিরে এসে পাপন জানান, তিনি আজ শনিবারই সব কিছুর অবসান ঘটাতে চান।
