শেখ জামাল ২
মুক্তিযোদ্ধা ০
আজকের খেলা ঃ ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী, ৫টা ৩০।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে দ্বিতীয় পর্বেও আটকাতে পারলো না মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। প্রথম পর্বে ১-০ আর গতকাল শুক্রবার দ্বিতীয় পর্বে ২-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারালো দলটি। এ ম্যাচেও গোল করেছেন ওয়েডসন। দ্বিতীয়টি ডার্লিংটনের।
মুক্তিযোদ্ধা এর আগে মোহামেডান এবং আবাহনীর কাছে হেরেছে। মাঝের ম্যাচটিতে বিজেএমসিকে হারালেও দলের কোচ সার্বিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না। বিদেশি ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও তিনি খুশি না। কাল শেখ জামালের বিরুদ্ধে বড় ম্যাচে খেলতে নেমে মুক্তিযোদ্ধা ফরমেশন পরিবর্তন করেছে। কোচ সফিকুল ইসলাম মানিক বলেন, ‘আমি রক্ষণাত্মক ফুটবল খেলেছি। কাউন্টার এটাকে গোল করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু গোলটা খেয়ে যাওয়ায় আমার জন্য সমস্যা হয়ে গিয়েছি। ওয়েডসনের গোলটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।’ কিন্তু কেন নতুন ফরমেশনে খেলতে গেলো দলটি সে সম্পর্কে অধিনায়ক মারুফ আহমেদ বললেন, ‘আমাদের কাছে উপায় ছিল না। গত কয়েকটা ম্যাচে আমরা ভালো খেলেও ম্যাচ হেরেছি। বিদেশি ভালো ফুটবলার থাকার পরও তারা গোল মিস করেছে। যে কারণে কোচ একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন।’
কোচের পরিবর্তনটি কাজে লাগেনি। তারপরও পরীক্ষাটা তো করতে হবে। মানিক তার দলের নাইজেরিয়ান স্ট্রাইকার এনকোয়াচা এবং সানডেকে নামাননি। তাদের বদলে রক্ষণভাগ শক্তিশালী করতে ইবনুল সিরাজী ও ক্যামেরুনের জেরার্ডকে নামিয়েছেন। রক্ষণে এদের সাথে ছিলেন এলিটা বেঞ্জামিন। এই ডিফেন্ডারও নাকি মাঠে বলছিলেন তিনি খেলতে পারছেন না, মাথা ঘুরছে। বমি আসছে। মানিক তাকে মাঠ থেকে তুলে নেয়ার প্রস্তুতি নিতে নিতেই মাত্র দুই-তিন মিনিটের মধ্যে গোল হজম করে মুক্তিযোদ্ধা। ম্যাচের ৫১ মিনিটে গোল করেন শেখ জামালের হাইতির স্ট্রাইকার ওয়েডসন (১-০)। মানিক বলছেন, ‘এই আমি এলিটাকে তুলে নেব বলেছি। এরই মধ্যে সে গোল খেয়ে যাবে এটা তো হতে পারে না।’
বিদেশি খেলোয়াড়দের সাথে ক্লাবের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে মানিকের সোজাসাপ্টা উত্তর, ‘না না এমন কোনো সমস্যা হয়নি সব ঠিক আছে।’ অধািনয়ক মারুফ বলছিলেন, ‘গোলের অনেক সুযোগ তারা মিস করেছেন। যে কারণে একাদশে পরিবর্তন করা হয়েছিল। আমরা ভালো খেলবো। আর খালি হাতে ঘরে ফিরবো। এটা তো হতে পারে না।’
ওয়েডসন ৭৭ মিনিটে গোল করিয়েছে। তার উত্স থেকে নাইজেরিয়ান এমেকা ডার্লিংটন হেডে বল মুক্তিযোদ্ধার জালে (২-০)। দুই গোল ফিরিয়ে দেয়ার মতো সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। অধিনায়ক মারুফ প্রায় ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রিকিক করেছিলেন। ভাগ্য খারাপ এই মিডফিল্ডারের। জামালের গোলকিপার জিয়া দারুণ দক্ষতার সাথে কর্নার করে বাঁচিয়েছেন দলকে। আরেকবার কর্নার করে গোল মুখে বল ফেলেছিলেন মারুফ। সেখান থেকে স্ট্রাইকাররা গোলে সুযোগটি নিতে ব্যর্থ হয়েছেন। মানিক বলছিলেন, ‘এই সুযোগটা পেলে ম্যাচটা ঘুরতেও পারতো।’
রক্ষণাত্মক ফুটবল খেলার জবাব দুই গোল হজম। মোহামেডান আবাহনীও সম্প্রতি রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করেছে। এই দলকে কী অনুসরণ করছে মুক্তিযোদ্ধা। এমন প্রশ্ন উড়িয়ে দিলেন ৫০ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার। মানিক বলছিলেন, ‘আমরা তিন নম্বর স্থানের জন্য লড়াই করবো বলেছিলাম। সেটার আশা এখনও ছাড়িনি।’ এই মৌসুমে মুক্তিযোদ্ধা ৪ বার শেখ জামালের মুখোমুখি হয়েছে। চার বারই হারলো। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাকে হারানোর সুবাদে শেখ জামালের পয়েন্ট ১৩ খেলায় ৩১। মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৩ খেলায় ১৮।
কাল দুই দফায় প্রায় ১৪ মিনিট খেলা বন্ধ ছিল।
