নারায়ণগঞ্জে চলমান অস্থিরতার প্রভাব এবার পড়লো ঘরোয়া ক্রিকেটের উপরও। গতকাল শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে, অনেকটা বাধ্য হয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তন করেছে।
দুটি ম্যাচই চলে এসেছে বিকেএসপিতে। আজ শনিবার বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। তিন নম্বর মাঠে প্রথম আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চলের এবং ৪ নম্বর মাঠে লড়বে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। হত্যা-অপহরণের জের ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলমান অবরোধ ও সহিংসতার কারণে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ফতুল্লা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনকে নিরাপদ বলে মনে করছে না বিসিবি। বিসিবির টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী জিয়াউর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জে চলমান পরিস্থিতি বিবেচনা করেই আমরা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। ফাইনালের সময়সূচি নিয়েও এখন দলগুলোর সাথে আমাদের কথা বলতে হবে। হয়তো আট কিংবা নয় তারিখে ম্যাচটি আয়োজন করা হবে। তবে, ফাইনালে ভেন্যু অপরিবর্তিত (মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম) থাকবে।’
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের দ্বিতীয় আসরটি গত ১২ জানুয়ারি মাঠে গড়ায়। প্রথম দফায় হয়ে যায় দুই রাউন্ডের খেলা। এরপর একে একে শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে তিন মাস বন্ধ থাকে বিসিএলের খেলা। এরপর ২৮ এপ্রিল থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরুর কথা থাকলেও খেলোয়াড়দের আপত্তির মুখে সেই ম্যাচগুলো সরিয়ে ২ মে নিয়ে আসা হয়। এবার আবার সহিংসতার কারণে একদিন পিছালো ম্যাচ।
প্রথম দুই রাউন্ড শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ওয়াল্টন মধ্যাঞ্চল। এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে আছে বিসিবি উত্তরাঞ্চল। তৃতীয় রাউন্ড শেষে শীর্ষ দুটি দল থেকে পাঁচ দিনে ফাইনাল।
