লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর বেনগাজিতে সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। বিদ্রোহীরা শুক্রবার শহরের নিরাপত্তা সদর দফতরে চড়াও হলে এ সময় তাদের সঙ্গে সেনাসদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে নয়জনের প্রাণহানি ঘটে।
সকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। সংঘর্ষকালে বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরিস্থিতির অবনতিতে সেনা বাহিনীর বিশেষ বাহিনী সাজোয়া যান নিয়ে নিরাপত্তা সদরদপ্তরে ছুটে যায়। সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালানো গোষ্ঠীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, এখানে প্রায়ই ইসলামি বিদ্রোহী-জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে। বেনগাজির একটি সেনা শিবিরের ফটকে এক আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানোর কয়েকদিনের মধ্যেই এই গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটল।
গাড়িবোমা হামলা এবং সেনা ও পুলিশ হত্যা বেনগাজির নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ইসলামি জঙ্গিগোষ্ঠী আনসার আল-শরিয়ার সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের প্রায়ই লড়াই বাধে। আনসার আল-শরিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত।
২০১২ সালের সেপ্টেম্বরে বেনগাজিতে সন্ত্রাসী হামলায় মার্কিন কূটনীতিকসহ অপর তিন মার্কিনী নিহত হওয়ার পর বিশ্বের অধিকাংশ দেশ সেখানে তাদের কনস্যুলেট বন্ধ করে দিয়েছে।
