শেখ রাসেল শ্রীলংকা যাচ্ছে আজ

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:০৫
গেলবারের ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল ক্রীড়াচক্র এবার প্রিমিয়ার ফুটবল লিগে ভালো করতে পারতে পারছে না। মোহামেডান, বিজেএমসি, আবাহনী, চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে ড্র। শেখ জামাল ও মুক্তিযোদ্ধার কাছে হেরেছে। আর দুই পর্বেই পরাস্ত হয়েছে ব্রাদার্সের কাছে। এই অবস্থায় এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের বাছাই পর্বে শেখ রাসেল কতেটা পেরে উঠবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু শেখ রাসেল সভাপতি নুরুল আলম চৌধুরী টুর্নামেন্টটিতে অংশ নিতে শ্রীলঙ্কা যাওয়ার আগে গতকাল জানিয়েছেন ঘরোয়া ফুটবলে ভালো করতে না পারাকেই ঘুরে দাঁড়ানোর উপকরণ হিসাবে নিয়েছেন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা গিয়ে ঘুরে দাঁড়াতে হবে।’ ঘুরে দাঁড়ানো সম্ভব বলেই মনে করছেন শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যও, ‘আমরা খেলোয়াড়রা যদি জাতির কথা মাথায় রেখে লড়াই করি তাহলে অবশ্যই ভালো করা সম্ভব।’ কিন্তু সেটা কতটুকু? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে শেখ রাসেলের মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকোভিচ বলেন, ‘ভালো মানে হচ্ছে আমরা মাথা উঁচু করে দেশে ফিরতে চাই।’ এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করতে শেখ রাসেল ক্রীড়াচক্র আজ শ্রীলঙ্কা যাবে। ২০ জন খেলোয়াড় কোচ আর ছয় কর্মকর্তা যাবার কথা রয়েছে। কাল সংবাদ সম্মেলনে থাকার কথা ছিল না বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের। শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী ডেকে আনলেন বাফুফে সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে। শেখ রাসেলের সভাপতি বললেন, ‘তাদের থাকার কথা না। তারপরও আমরা যেহেতু পেশাদার লিগের অধীনে খেলছি। তাই সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি এবং লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা দিবে।’ বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন রাখঢাক না করে বললেন, ‘ভারতের ঘরোয়া ফুটবলেও দর্শক হয় না। তারা ক্রিকেটে জেতে বলেই র্দশক যায় মাঠে। আমাদেরকে জিততে হবে। যখন আমাদের দল দেশের বাইরে গিয়ে ম্যাচ জিতবে তখন মাঠেও দর্শক আসবে। কারণ এখানে জেতাটাই বড় কথা। দর্শক জয় দেখতে চায়। শেখ জামাল ভারতে জিতেছিল বলেই দর্শক টিভির সামনে হুমড়ি খেয়ে পড়েছিল।’ তিনি আরো বলেন, শ্রীলঙ্কায় শেখ রাসেল দল যাচ্ছে না। যাচ্ছে বাংলাদেশ দল। শেখ রাসেল বাংলাদেশ দল হিসাবে জাতিকে বহন করবে। আমি অনুরোধ করবো খেলোয়াড়রা যেন আরো মনযোগ দিয়ে ফুটবল খেলেন।’ একই সুর আব্দুস সালাম মুর্শেদীর কণ্ঠেও। শেখ রাসেলের সভাপতি নুরুল আলম বললেন, ‘খেলোয়াড়রা ভালো খেলে না বলেই মাঠে দর্শক আসছে না। দর্শক না আসার পেছনে খেলোয়াড়রা অনেকটাই দায়ি। ভালো রেজাল্ট না আসার পেছনে তারাও দায়ি। কারণ যে পরিমাণ পারিশ্রমিক নেয়। সে অনুসারে শ্রমটাও দেয় না। দেশের ফুটবল উন্নয়নের জন্য খেলোয়াড়দের দায়িত্বটাও কম না।’ শেখ রাসেল লড়াই শুরু করবে বুধবার। প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের দলটি কেমন খেলে তা জানার জন্য শেখ রাসেল খেলোয়াড়রা তাদের ভিডিও ফুটেজ দেখেছে। দলের কোচ দ্রাগান বলেছেন, ‘আমরা তথ্য নেয়ার চেষ্টা করেছি। প্রতিটা ম্যাচ আমরা আলাদাভাবে দেখছি। ভালো কিছু পেয়েছি। যা আমাকে আশাবাদী করে তোলে।’ নিজেদের লক্ষ্য কি জানতে চাইলে এই কোচ বলেন, ‘বিশ্বাস। বিশ্বাস না থাকলে যাওয়া উচিত না।’ অধিনায়ক বিপ্লব বলেন, ‘পাকিস্তানের ফুটবলাররা আমাদের চেয়ে দীর্ঘদেহী। কিন্তু টেকনিকের দিক থেকে আমরা এগিয়ে। আমাদের আছে অভিজ্ঞ ফুটবলার। আছে তরুণ যোদ্ধা।’ বিপ্লবের শেষ কথা হচ্ছে, ‘কলম্বোয় আমরা শেখ রাসেল হিসাবে যাচ্ছি না। যাচ্ছি ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি।’ তিন গ্রুপে ১১টি দল খেলবে বাছাইয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। ৬ দল দুই গ্রুপে খেলবে। সেরা দুই দল ফাইনাল খেলবে। তবে এএফসির নতুন প্রবর্তিত নিয়ম অনুসারে এটাই হচ্ছে শেষ এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল। এর আগে প্রেসিডেন্ট কাপ ফুটবলের বাছাই পর্বে আবাহনী পাঁচবার খেলেছে। কিন্তু একবারও তারা চূড়ান্ত পর্বে উঠতে পারেনি। শেখ জামাল চূড়ান্ত পর্বে উঠলেও তারা পাকিস্তানে খেলা বলে অংশগ্রহণ করেনি নিরাপত্তার কারণ দেখিয়ে। শেখ রাসেলের স্পন্সর হচ্ছে বেঙ্গল গ্রুপ।