ফরহাদ ও স্পিনারদের দিন

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:০৫
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় ও শেষ রাউন্ডের ম্যাচে দুই মাঠে দেখা গেল দুরকম চিত্র। বিকেএসপির চার নম্বর মাঠে দাপট দেখালেন স্পিনাররা। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারলো ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ব্যাটসম্যানরা। আর তিন নম্বর মাঠে সাফল্য পেলেন ব্যাটসম্যানরাই। ফরহাদ হোসেনের সেঞ্চুরিতে ওয়াল্টন মধ্যাঞ্চলের বিপক্ষে বেশ শক্ত অবস্থানে পৌঁছে গেছে বিসিবি উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের ব্যাটিং-উত্সব ফরহাদ হোসেনের সেঞ্চুরিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওয়াল্টন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম রাউন্ড শেষে ভাল অবস্থানে আছে বিসিবি উত্তরাঞ্চল। টসে জিতে ব্যাট করতে নামা উত্তরাঞ্চলের বিপক্ষে কোন রকম প্রতিরোধই সৃষ্টি করতে পারেনি মধ্যাঞ্চলের বোলাররা। উদ্বোধনী জুটিতেই আসে ৮৮ রান। দুই ওপেনারই পেয়েছেন হাফ সেঞ্চুরি। জুনায়েদ সিদ্দিক ৬৫ ও হামিদুল ইসলাম ৬০ রান করেন। বড় ঝড়টা অবশ্য তোলেন তিন নম্বরে ব্যাট করতে নামা ফরহাদ হোসেন। তার ব্যাট থেকে আসে ১০৯ রান। ১৯৯ বলের ইনিংসটিতে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। এছাড়া নাঈম ইসলাম ৩৮ রান করেন। মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে সবচেয়ে সফর অফ স্পিনার ইলিয়াস সানি। দুটি উইকেট পেয়েছেন তিনি। দিন শেষে চার উইকেট হারিয়ে ২৮৭ রান করেছেন বিসিবি উত্তরাঞ্চল। অধিনায়ক নাসির হোসেন ১১ ও তানভির হায়দার এক রান করে অপরাজিত আছেন। রাজ্জাক-সোহাগের স্পিন ঘূর্ণি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুজনের পারফরম্যান্সই ছিল প্রশ্ন বিদ্ধ। কিন্তু ঘরোয়া ক্রিকেট দিয়ে আস্তে আস্তে নিজেদের মেলে ধরতে শুরু করেছেন দেশের সেরা দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী। এই দুই অফ স্পিনারের ঘূর্ণিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে মাত্র ১৩৫ রানে অল আউট হয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। শেষ পর্যন্ত ৬৯.৪ ওভারে অল আউট হবার আগে মাত্র ১৩৫ রান করতে পারেন। সর্বোচ্চ ৫৬ রান আসে অধিনায়ক অলোক কাপালীর ব্যাট থেকে। এছাড়া ওপেনার সাদমান ইসলাম ৩৩ রান করেছেন। দক্ষিণাঞ্চলের হয়ে চারটি উইকেট পান আব্দুর রাজ্জাক। সোহাগ গাজী তিনটি ও মিডিয়াম পেসার জিয়াউর রহমান একটি উইকেট পান। জবাবে ব্যাটিংয়েও দাপট দেখিয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। প্রথম দিন শেষে এক উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৮ রান। ৫৯ রান করে অপরাজিত আছেন এনামুল হক বিজয়। এছাড়া আরেক ওপেনার ইমরুল কায়েস ৩৮ রান করে আউট হয়ে গেছেন অফ স্পিনার এনামুল হক জুনিয়রের বলে। সংক্ষিপ্ত স্কোর ওয়াল্টন মধ্যাঞ্চল - বিসিবি উত্তরাঞ্চল টস: বিসিবি উত্তরাঞ্চল বিসিবি উত্তরাঞ্চল প্রথম ইনিংস: প্রথম দিন শেষে ৯০ ওভারে ২৮৭/৪ (ফরহাদ হোসেন ১০৯, জুনায়েদ সিদ্দিক ৬৫, হামিদুল ইসলাম ৬০, নাঈম ইসলাম ৩৮; নাসির হোসেন ১১*; ইলিয়াস সানি ২/৫৭, মার্শাল আইয়ুব ১/২৯) প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল - ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল টস: ইসলামী ব্যাংক দক্ষিণাঞ্চল ইসলামী ব্যাংক দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ৬৯.৪ ওভারে ১৩৫ অল আউট (অলোক কাপালী ৫৬, সাদমান ইসলাম ৩৩, লিটন কুমান ১৩, মোসাদ্দেক হোসেন ১৩; আব্দুর রাজ্জাক ৪/৩৪, সোহাগ গাজী ৩/৪১) প্রাইম ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংস: প্রথম দিন শেষে ৩৪ ওভারে ১০৮/১ (এনামুল হক বিজয় ৫৯*, ইমরুল কায়েস ৩৮; এনামুল হক জুনিয়র ১/৪৫)।