এবার লিগ শিরোপায় দৃষ্টি রিয়াল-অ্যাটলেটিকোর

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:০৬
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখিতা নিশ্চিত করার পর এবার লিগ শিরোপার দিকে দৃষ্টি দিতে হচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে। লা লিগার ম্যাচে রিয়াল আজ ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে ভ্যালেন্সিয়ার। আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো খেলবে লেভান্তের মাঠে। এদিকে গত শুক্রবার রাতে রায়ো ভালেকানোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা নিশ্চিত করেছে অ্যাথলেটিকো বিলবাও। লিগের বাকি মাত্র তিন ম্যাচ, তাই যে দল পয়েন্ট হারাবে শিরোপা স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে তাদেরই। এমন এক সমীকরণ সামনে নিয়েই আজ রাতে মাঠে নামছে স্প্যানিশ রাজধানীর দুই দল। তবে সমান ৩৫ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে রিয়ালের চাইতে একটু সুবিধাজনক অবস্থানে আছে অ্যাটলেটিকো। চেলসিকে তাদের মাটিতে ৩-১ গোলে উড়িয়ে দেয়া ডিয়েগো সিমিওনির দল লেভান্তের বিরুদ্ধে আজ আত্মবিশ্বাস খুঁজতে পারে তাদের সাম্প্রতিক ফলাফল থেকেও। যে কোন প্রতিযোগিতা মিলে সর্বশেষ ১৫ ম্যাচে অপরাজিত দলটি লিগে নিজেদের সর্বশেষ নয়টি ম্যাচেই মাঠ ছেড়েছে জয় নিয়ে। অন্যদিকে পয়েন্ট টেবিলের মাঝামাঝি থাকা লেভান্তে তাদের সর্বশেষ নয় ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি। তবে ভ্যালেন্সিয়ান দলটির মাঠে অ্যাটলেটিকোর অতীত রেকর্ড কিন্তু মোটেই তাদের পক্ষে কথা বলছে না। গত মৌসুমে লেভান্তের মাঠে ১-১ ড্রর আগে দুবার ২-০ গোলে হারতে হয়েছে তাদের। তাই আজকের ম্যাচে সতর্কতার কোন অভাব থাকবে না বলেই জানালেন সিমিওনে, ‘আমরা লেভান্তের বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তুতি নেয়া শুরু করেছি। আর কোন কিছুতেই সে থেকে আমরা বিচ্যুত হব না।’ এদিকে বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রে শিরোপা নিশ্চিত করা রিয়াল তাদের লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা ছাড়ছে না এখনই। তবে সেটা বাঁচিয়ে রাখতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে সান্তিয়াগো বার্নাব্যুতে আজ জয়ের কোন বিকল্প নেই তাদের। বার্সেলোনা-অ্যাটলেটিকোর চাইতে এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা রিয়ালের সাম্প্রতিক ফর্ম বলছে, আজ জয় পেতে খুব একটা সমস্যা হবার কথা নয় তাদের। ক্রিশ্চিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরাও আছেন দুর্দান্ত ফর্মে। অন্যদিকে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেও অ্যাওয়ে গোলের হিসাবে সেভিয়ার কাছে হেরে ইউরোপা লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া ভ্যালেন্সিয়া আজ চাইবে ঘুরে দাঁড়াতে। কোচ হুয়ান আন্তোনিও পিয়াজ্জাও খেলোয়াড়দের কাছ থেকে দারুণ একটা প্রত্যাবর্তনই আশা করছেন। পাশাপাশি জানিয়েছেন শিষ্যদের প্রতি তার আস্থার কথাও, ‘আমি খেলোয়াড়দের বলেছি তাদের নিয়ে আমি গর্বিত। তারা আসলে ফাইনালে যাওয়ার যোগ্য দলই ছিল। দুর্ভাগ্যজনকভাবে এটা আসলে আমাদের ক্যারিয়ারের অংশ। আর আমার মনে হয় জয়ের পাশাপাশি পরাজয়গুলোর গুরুত্বও কম নয়। একে অন্যের জন্য আমাদের পরিশ্রম চালিয়ে যেতে হবে। আর এই শিক্ষাগুলোকে গুরুত্বের সাথে কাজে লাগাতে হবে।’