এবারের মৌসুমে সবগুলো শিরোপা হাতছাড়া হবার পরে শুধুমাত্র স্প্যানিশ লীগের শিরোপা ঘরে তোলার স্বপ্ন ছিল বার্সেলোনার সামনে। কিন্তু গত শনিবার ন্যু ক্যাম্পে গেটাফের সাথে ২-২ গোলে ড্র করায় কাতালানদের সেই আশাও কার্যত শেষ হয়ে গেছে।
বর্তমান চ্যাম্পিয়নরা এখন লীগ টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে তিন পয়েন্ট পিছনে রয়েছে, হাতে রয়েছে দুটি ম্যাচ। আর তাদের থেকে তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও রিয়ালের হাতে রয়েছে চারটি ম্যাচ। গতকাল রাতে নিজ নিজ ম্যাচে রিয়াল-অ্যাটলেটিকো দু’দলই যদি জিতে যায়, সেক্ষেত্রে এরই মধ্যে বার্সাকে ধরে ফেলেছে রিয়াল। আর অ্যাটলেটিকো বার্সার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান নিয়ে গেছে ছয়ে। অর্থাত্ বাকি দুই ম্যাচ জিতলেও অ্যাটলেটিকোকে পেছনে ফেলতে পারছে না লিওনেল মেসির দল। অর্থাত্ কাগজে-কলমে বার্সেলোনার লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা কিছুটা থাকলেও বাস্তবতা বিবেচনায় সেটাকে অবাস্তবই বলা চলে।
আর কঠিন সেই বাস্তবতাই মেনে নিচ্ছেন বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও বুসকেটসও, ‘আমার মনে লা লিগা সম্ভাবনা আমাদের শেষই হয়ে গেছে। তবে এখান থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের।’ বুসকেটসের এই কথার প্রতিধ্বনি করলেন অধিনায়ক জাভিও। এ মৌসুমের আশা ছেড়ে দিয়ে আগামী মৌসুমে কিভাবে ফিরে আসা যায় সেনিয়েই ভাবতে চাইলেন তিনি, ‘আমাদের খারাপই লাগছে। এ মৌসুমে প্রত্যাশার ধারে কাছেও যেতে পারিনি আমরা। আমাদের নিজেদেরই নিজেদের ভুলগুলো খুঁজে বের করতে হবে এবং আগামী মৌসুমে নতুনভাবে শুরু করতে হবে।’
অথচ লিয়নেল মেসির দারুণ এক ফিনিশিংয়ে এদিন এগিয়েই গিয়েছিল স্বাগতিকরা। ম্যাচের ২৩ মিনিটে ডানি আলভেসের লো ক্রস থেকে স্বাগতিকদের এগিয়ে দিতে ভুল করেননি মেসি। এটি ছিল চলতি মৌসুমে মেসির ৪১তম গোল। এর পরপরই মেসির থ্রু বল থেকে পেড্রো রডরিগুয়েজ ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ নষ্ট করেন। যদিও এতে গেটাফের গোলরক্ষক জুলিও সিজারের অবদান ছিল লক্ষণীয়। উল্টো ৩৭ মিনিটে একটি বিতর্কিত পরিস্থিতি থেকে পাবলো সারাবিয়ার ফ্রি-কিক থেকে লাতিফা জোড়ালো শটে গেটাফেকে ম্যাচে ফিরিয়ে আনেন। যদিও সহকারী রেফারী লাফিতার বিপক্ষে ফাউলের অভিযোগে প্রথমে গোলটি বাতিল করেছিলেন। কিন্তু রেফারী হোসে এন্টোনিও টেক্সেইরা ভিটিয়েন্স তার সতীর্থের সিদ্ধান্তের সাথে একমত না হয়ে গোলের সিদ্ধান্ত দেন। বিরতির আগে বার্সেলোনা আবারো এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল। কিন্তু গোলপোস্টের কাছাকাছি ফাঁকায় দাঁড়ানো মেসির দিকে বল না দিয়ে সানচেজ নিজেই গোলে শট নিলে তা বাইরে চলে যায়।
তবে বিরতির পরে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠে। তিন মিনিটের মধ্যেই মেসির একটি ভলি দারুণভাবে রক্ষা করেন সিজার। সানচেজ এবং পেড্রোর দুটি প্রচেষ্টাও নষ্ট করে দেন এই চিলিয়ান। তবে ৬৭ মিনিটে বদলি খেলোয়াড় সেস ফ্যাব্রেগাসের লো ক্রস থেকে সানচেজ শেষ পর্যন্ত গোল করতে সমর্থ হন। এটি ছিল সানচেজের মৌসুমের ২০তম গোল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেসির দারুণ একটি ক্রস থেকে আলভেসের হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচটি যখন বার্সেলোনার দিকেই এগুচ্ছিল ঠিক সেই সময়ে ইনজুরি টাইমে লাফিতা তার দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে হতাশায় ডোবান।
গত ২৫ এপ্রিল মাত্র ৪৫ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভা। তার মৃত্যুর পরে বার্সেলোনা ঘরের মাঠে এই প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। তাই ম্যাচ শুরুর আগে তার প্রতি সম্মান জানিয়ে একটি ভিডিও ক্লিপিং প্রদর্শন করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
