নিজেকে অযোগ্য ভাবছেন মার্টিনোই

আপডেট : ০৪ মে ২০১৪, ২১:৫০
কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হার। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধার করতে না পারার বিষয়টি। বাকি ছিল কেবল লিগ শিরোপা ধরে রাখার সুযোগ; কিন্তু ঘরের মাঠে গেটাফের সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সেলোনার সেই স্বপ্নও এখন মৃত প্রায়। কাতালানদের কোচ হিসাবে প্রথম মৌসুম শেষে জেরার্ডো মার্টিনোর অভিমত, বার্সেলোনার কোচ হিসাবে আরেকটি মৌসুম নিজেকে কল্পনা করতে পারছেন না তিনি নিজেই। মার্টিনো বলেন, ‘কখনো কখনো আপনি আরেকটি সুযোগ প্রার্থনা করবেন। সেটা তখনই যখন আপনি ভাববেন আরেকটা সুযোগ আপনার প্রাপ্য। আর কখনো কখনো আপনার মনে হবে আপনার আরেকটি সুযোগ আসলে চাওয়া উচিত নয়। কারণ, আপনার পারফরম্যান্স যথাযথ ছিল না। সুতরাং, আরেকটি সুযোগ আপনার প্রাপ্য না।’ গেটাফের সঙ্গে এই ম্যাচের আগে শিরোপা দৌড়ে বার্সেলোনা ভালভাবেই টিকে ছিল দাবি করে টিটো ভিলানোভার উত্তরসুরী হিসাবে বার্সেলোনার দায়িত্ব নেয়া মার্টিনো বলেন, ‘আমার মনে হয় লা লিগার জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু চেষ্টা আমরা করেছি। আজ জিততে না পারার অর্থ হচ্ছে লা লিগার স্বপ্ন বিসর্জন দেয়। তবে এটা কঠিন একটা মৌসুম ছিল। ব্যক্তিগত এবং দলগত উভয় দিক থেকেই। তবে আমার মনে হয় না লিগের শেষ পর্যায়ে খেলোয়াড়রা ক্লান্তি অথবা অবসাদে ভুগছিলেন। আর তাদের নিবেদন নিয়েও আমার কোন প্রশ্ন নেই।’ ব্যর্থতার দায়ভার পুরোটাই নিজের কাঁধে নিয়ে এই আর্জেন্টাইন আরো বলেন, ‘এটা কোনভাবেই কাঙ্ক্ষিত শেষ হতে পারে না। ব্যক্তিগত দিক থেকে এটা হতাশাজনক একটা বছরই ছিল। আর বার্সেলোনার জন্যও ব্যাপারটা অনেকটা তাই। কারণ, এমন ফলে তারা অভ্যস্ত নয়। আমার মনে হয়, খেলোয়াড়দের কাছে আমি নিজের লক্ষ্যটা পুরোপুরি মেলে ধরতে পারিনি। কারণ, বার্সার সেরা রূপটা (এই মৌসুমে) আমাদের অদেখাই ছিল।’