গ্রীষ্মকালীন ক্যাম্প উপকারে আসবে না :মিয়াঁদাদ

আপডেট : ০৪ মে ২০১৪, ২১:৫০
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত গ্রীষ্মকালীন ক্যাম্প কোনোভাবেই জাতীয় দলের কোনো উপকারে আসবে না বলে মনে করছেন সাবেক পাকিস্তানী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। এ ক্যাম্পের পরিবর্তে বরং একটি টুর্নামেন্ট আয়োজন করলে সেটা থেকে জাতীয় দল উপকৃত হতো বলে অভিমত তার। কিংবদন্তী এ ব্যাটসম্যান বলেন, ‘এ গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে কোনো ভাল ফল পাওয়া যাবে না। এ ক্যাম্পের পরিবর্তে একটি টুর্নামেন্ট আয়োজন করলে সেখান থেকে খেলোয়াড় বাছাই করা যেত, যারা ভাল পারফরমেন্স করবে তাদেরকে আসন্ন সফর ও ২০১৫ বিশ্বকাপের জন্য বাছাই করা যেত।’ গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ৬ মে শুরু হওয়া মাসব্যাপী এ গ্রীষ্মকালীন ক্যাম্পের জন্য পিসিবি ৩৬ সদস্যের পুল ঘোষণা করেছে। মিয়াঁদাদ বলেন, ‘এ পর্যায়ের একজন খেলোয়াড়ের গ্রীষ্মকালীন ক্যাম্পে অনুশীলন করার কোনো প্রয়োজন নেই। নিজেদের আরো ভাল করা এবং নিজেদের পুরোপুরি ফিট রাখার জন্য খেলোয়াড়দের অনুশীলন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।’ মিয়াঁদাদ আরো বলেন, ‘মাসব্যাপী এ ক্যাম্প খেলোয়াড়দের ফিটনেসের ক্ষতি করবে এবং অতিরিক্ত গরম আবহাওয়ার জন্য তাদের খেলার মান আরো খারাপ হতে পারে।’ মিয়াঁদাদ এও বলেন যে, সাঁতার এবং অন্যান্য ইনডোর গেমসের মত ক্রীড়ায় গ্রীষ্মকালীন ক্যাম্প প্রয়োজন হয়, ক্রিকেটে নয়। দেশটির সাবেক এ অধিনায়ক ও কোচ বলেন, কোনো ম্যাচ খেলার মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স বিচার করা হয়। সুতরাং এ ক্যাম্প থেকে কোনো পারফরম্যান্স বিচার করা যাবে না বিধায় পিসিবি’র উচিত ছিল মাসব্যাপী কোনো টুর্নামেন্ট আয়োজন করা। দীর্ঘদিন দলের বাইরে থাকা খেলোয়াড়দের পিসিবি কেন এ ক্যাম্পে ডাকল তাও তিনি বুঝতে পারছেন না বলে জানান মিয়াঁদাদ। তিনি আরো বলেন, ২০১৫ বিশ্বকাপে কোনো খেলোয়াড় দেশের হয়ে খেলবে আর কে খেলবে না সেটা এখনই নির্বাচকদের মাথায় থাকা উচিত। পিসিবি জাতীয় দলের জন্য প্রধান কোচ নিয়োগের বিজ্ঞাপন দেয়ায় ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান কোচ মোহাম্মদ আকরামের নেতৃত্বে মাসব্যাপী এ ক্যাম্প পরিচালিত হবে।-বাসস