ফুলহ্যাম-কার্ডিফের অবনমন

আপডেট : ০৪ মে ২০১৪, ২১:৫১
অবনমনের খাড়ায় এবার পড়তে হলো ফুলহ্যাম এবং কার্ডিফ সিটিকে। প্রিমিয়ার লীগের ৩৭তম ম্যাচে উভয় দলই বড় ব্যবধানে প্রতিপক্ষের মাঠে পরাজিত হওয়ায় পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লীগ থেকে তাদের নেমে যেতে হলো। স্টোক সিটির কাছে শনিবার ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়ে ফুলহ্যাম তাদের ১৩ বছরের প্রিমিয়ার লীগের খেলার কৃতিত্বে ইতি টানতে বাধ্য হয়। অন্যদিকে নিউক্যাসেলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে কার্ডিফ সিটি। ৩৭ ম্যাচ থেকে মাত্র ৯ জয়, ৪টি ড্র এবং ২৪টিতেই পরাজিত হয়ে ফুলহ্যামের সংগ্রহে জমা পড়েছে ৩১ পয়েন্ট। আর সমসংখ্যক ম্যাচে ৭টি জয়, ৯টি ড্র এবং ২১ ম্যাচে পরাজিত হয়ে কার্ডিফের সংগ্রহ ৩০ পয়েন্ট। লিগ পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দাঁড়িয়েছে ১৯ এবং ২০তম স্থানে। টেবিলের তলানিতে থাকা এই দুই দলের পরাজয়ের দিনে নিচের দিক থেকে চতুর্থ স্থানে থাকা সান্ডারল্যান্ড ১-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক সৃষ্টি করেছে। এই জয়ে গাস পয়েটের দল ফুলহ্যামের থেকে চার পয়েন্ট এবং কার্ডিফের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে তলানিতে থাকা এড়িয়েছে। বুধবার ঘরের মাঠে ওয়েস্ট ব্রুমউইচের বিপক্ষে জিততে পারলে এবং রবিবার চেলসির কাছে যদি নরউইচ সিটি হারে তবে সান্ডারল্যান্ড এই যাত্রা বেঁচে যাবে। সেক্ষেত্রে অবনমনে পড়তে হবে অষ্টাদশ স্থানে থাকা নরউইচকে। ঘরের মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে ৩৯ মিনিটেই পিটার ওডেমউইঙ্গি স্টোক সিটিকে এগিয়ে দেন। এর আগে অবশ্য স্টিফেন আয়ারল্যান্ডের শট পোস্টে লেগে ফেরত আসে। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আরনটোভিচ। ৭৩ ও ৮২ মিনিটে ওসামা আসাদি এবং বদলি খেলোয়াড় জোনাথন ওয়াল্টার্সের গোলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। যদিও মাঝে কিয়েরান রিচার্ডসনের একটি গোল সফরকারীদের জয়ের ব্যবধানই শুধু কমিয়েছে। দিনের অপর ম্যাচে শোলা আমেয়োবি, লুইস রেমি এবং স্টিভেন টেইলরের গোলে নিউক্যাসেল জয় তুলে নেয়ায় কার্ডিফ আবারো দ্বিতীয় টায়ারে নেমে যেতে বাধ্য হয়েছে। গত মৌসুমেই তাদের অবস্থানের উন্নতি হয়ে প্রিমিয়ার লীগে খেলার সুযোগ ঘটেছিল। এই জয়ে নিউক্যাসেল অবশ্য তাদের টানা ছয় ম্যাচে জয়ের খরা কাটিয়েছে।-বাসস