তরুণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়ের ৫ম একক অ্যালবাম ‘রবির আলো’র মোড়ক উন্মোচন হলো গতকাল। অনিমা রায়ের গুরু শিল্পী সাদী মুহম্মদ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন, অনিমা তার নিষ্ঠা ও গায়কী দিয়ে আমাদের সারিতে এসে দাঁড়িয়েছে।
অ্যালবামটি প্রকাশ করছে ইমপ্রেস অডিও ভিশন। রবিবার বিকালে চ্যানেল আইতে অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লি-এর উপদেষ্টা নাসির এ চৌধুরী এবং রবীন্দ্র একাডেমীর সভাপতি আজিজুর রহমান আজিজ।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘রবীন্দ্রনাথ চর্চা আমাদের প্রাণিত করে। দীর্ঘদিন ধরে শিল্পী অনিমার রবীন্দ্র সাধনার ক্রমবিকাশ ঘটুক আজকের এ অনুষ্ঠানে এটাই প্রত্যাশা।’
অনুষ্ঠানে শুরুতে অনিমার গানে একটি নাচের পরিবেশনা করে শিল্পীর গড়া প্রতিষ্ঠান সুরবিহারের শিশু শিল্পীরা।
‘রবির আলো’ প্রসঙ্গে অনিমা রায় বলেন, রবীন্দ্রনাথের প্রেম, পূজা এবং প্রকৃতি পর্যায়ের গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। মোট গান রয়েছে ১০টি।
