চ্যাম্পিয়ন্স লিগের পর এবার লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নও বিসর্জন দিতে হলো চেলসিকে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই থেকে সেমিফাইনালেই ছিটকে পড়ার পর গত রবিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে নরউইচ সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে লিগ শিরোপা জয়ের আশাও প্রায় শেষ হয়ে গেছে হোসে মরিনহোর দলের। এদিকে, রাতের প্রথম ম্যাচে অলিভার গেরুদের একমাত্র গোলে ওয়েস্ট ব্রমকে হারিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে আর্সেনাল।
প্রায় উল্টো এক লক্ষ্য নিয়ে এদিন পরস্পর মুখোমুখি হয়েছিল চেলসি-নরউইচ। স্বাগতিকদের যেখানে লক্ষ্য ছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের, সেখানে নরউইচ নেমেছিল অবনমন এড়াতে। ফুলহ্যাম-কার্ডিফ সিটির পর তৃতীয় দল হিসাবে অবনমনের আশঙ্কায় থাকা নরউইচই শেষ পর্যন্ত লাভবান হলো সে লড়াইয়ে।
আন্দ্রে স্কুরেল-ডেভিড লুইজদের শট পোস্টে-ক্রসবারে বাধা পেয়ে না ফিরলে ফলাফলটা অবশ্য অন্যরকমও হতে পারতো। কাগজে-কলমে অবশ্য এখনো শেষ হয়ে যায়নি ব্লুজদের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন। তবে সেটা এতটাই কঠিন যে চাইলে পাঠক সেটাকে অবাস্তবও বলতে পারেন। চেলসির শিরোপা জিততে হলে নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি ম্যানচেস্টার সিটি-লিভারপুলকে হারতে হবে তাদের অবশিষ্ট দুই ম্যাচেও। অবশ্য, ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লিভারপুল যদি গতকাল রাতে জিতে যায় সেক্ষেত্রে এরই মধ্যে স্বপ্ন শেষ হয়ে গেছে চেলসির। এখন সিটিও যদি তাদের শেষ দুই ম্যাচে জিতে যায়, সেক্ষেত্রে তৃতীয় স্থানে থেকেই শেষ করতে হবে তাদের। অর্থাত্, মরিনহোর চেলসিতে নিজের দ্বিতীয় মেয়াদে প্রথম মৌসুমটা শিরোপা শূন্য থাকাটা প্রায় নিশ্চিতই বলা চলে।
এদিকে, এই ড্রর মাধ্যমে টানা পাঁচ ম্যাচের পরাজয় ধারায় ইতি টানলো নরউইচ। যদিও, তাতে অবনমন আশঙ্কা দূর হয়নি দলটির। সপ্তাহের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলের জয়ে নরউইচের চাইতে এখনও সুবিধাজনক অবস্থানে আছে অবনমন ঝুঁকিতে থাকা আরেক দল সান্দারল্যান্ড। প্রিমিয়ার লিগে টিকে থাকতে আর্সেনালের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্যাচে জেতার পাশাপাশি ঘরের মাঠে বাকি দুই ম্যাচে সান্দারল্যান্ডের হারও প্রার্থনা করতে হবে নরউইচকে।
এদিকে, দুই ফরাসির যুগলবন্দিতে রাতের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। সান্তি কাজলরার কর্নারকে শক্তিশালী এক হেডে জালে জড়িয়ে ম্যাচের ১৪ মিনিটেই দলকে এগিয়ে নেন গেরুড। যেটি ছিল লিগে চলতি মৌসুমে তার ষষ্ঠদশ গোল। ফ্রান্সের বিশ্বকাপদলের সদস্য এই তারকার গোলটিই পরে হয়ে ওঠে ম্যাচের ভাগ্যনির্ধারণী।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখে আর্সেনালের পয়েন্ট ৭৬। এখন শেষ ম্যাচে হারলেও তাদের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ বাছাইপর্বে খেলাটা নিশ্চিত।
লিগের আজ একমাত্র ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে খেলবে হাল সিটির বিরুদ্ধে।
