উত্তর বারিধারা ৩
বিজেএমসি ০
স্কোর লাইন দেখে অবাক হওয়ার কিছু নেই। অবিশ্বাস্য হলেও সত্য। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্তর বারিধারা ৩-০ গোলে হারিয়েছে অফিস দল বিজেএমসিকে। বারিধারা বিজেএমসির জালে তিনবার বলে পাঠিয়ে অবাক করেছে। সবাইকে তার লাগিয়েছে এই দলটি। আগের ম্যাচে বিজেএমসি ৩-২ গোলে মোহামেডানকে হারিয়ে একটা ধাক্কা দিয়েছিল সাদাকালো দলকে। অনেকরই ধারণা ছিল উত্তর বারিধারা বিজেএমসির কাছে উড়ে যাবে। পরিসংখ্যান এমনটাই বলছে। তা ছাড়া লিগের প্রথম পর্বে বিজেএমসি ৭-০ গোলে জিতেছিল উত্তর বারিধারার বিরুদ্ধে। দ্বিতীয় পর্বে না হয় হারের ব্যবধানটা কিছুটা কমবে। তাই বলে উল্টো বিজেএমসিকে হারিয়ে দেবে উত্তর বারিধারা। ফুটবল পণ্ডিতদের সব ভাবনাকে পানিতে ভাসিয়ে দিয়ে একটা দারুণ চমক দিয়েছে অভিজাত পাড়ার দল। আর এই জয়ের পেছনে বড় অবদান রেখেছেন প্রথমবার খেলতে নামা দুই ফুটবলার ভারতীয় ফাইয়াজ আলম এবং কেনিয়ার টিয়াগো কলিন্স। এই দু’জন কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসির বিরুদ্ধে জাদুকরি ফুটবল খেলা দেখিয়েছেন। কলিন্স স্ট্রাইকার। তিনি ৪ মিনিটে গোল করেছেন ১-০। আর ভারতীয় ফাইয়াজ হচ্ছে মিডফিল্ডার। তিনি ৬৬ মিনিটে গোল করেছেন ২-০। দুই গোল হজম করে বিধ্বস্ত বিজেএমসির উপর শেষ পেরেকটি গাথেন উত্তর বারিধারা ক্লাবের সুজন ৩-০। দুর্দান্ত এক প্রতিশোধ নিলেন উত্তর বারিধারা ক্লাবের খেলোয়াড়রা। আর এই একটি জয়ের সুবাদে বারিধারা ক্লাবটি পয়েণ্ট টেবিলের ১০ নম্বর স্থান থেকে আট নম্বরে উঠে গেলো ১০ পয়েন্ট নিয়ে। এই ক্লাবটি ১৩ ম্যাচে দ্বিতীয় জয় পেলো কাল। রেলিগেশনের শঙ্কা কিছুটা হলেও হালকা হলো।
ভারতীয় টালীগঞ্জের খেলোয়াড়রা ফাইয়াজ আলম এবং কেনিয়ার টিয়াগো কলিন্স নিটিল টাটা ফুটবল লিগের দ্বিতীয় পর্বে খেলার জন্য আগেই ঢাকায় এসেছিলেন। কিন্তু তারা কাল মাঠে নামলেন নিজেদের ক্লাবের দুই ম্যাচ পর। কাল খেলা শেষে ম্যাচের প্লেমেকার ভারতীয় টালীগঞ্জের ফুটবলার ফাইয়াজ আলম বলছিলেন বারিধারার প্লেয়াররা ভালোই। তারা শুধু ম্যাচে সেট হতে পারছিলেন না। আশা করি এখন থেকে আমরা একটা ভালো দল হয়ে কিছু ভালো খেলা উপহার দিতে পারবো।’ পেশাদার ফুটবল লিগ সম্পর্কে তিনি বলেন, ভারতীয় আই লিগ আর এখানার লিগ একই মানের। যে কারণে আমি এখানে খেলার আমন্ত্রণ পেয়ে চলে এসেছি। যেমনটি দেখবেন আপনাদের শেখ জামালের সানি। ও তো কলকাতার একটি ক্লাবে খেলার জন্য সাইন করে এসেছে। পেশাদার ফুটবলারদের এটাই নিয়ম।’
উত্তর বারিধারার কাছে ৩ গোল হজম করে বিজেএমসির কোচ আলী আজগর নাসির বলেন, মোহামেডানকে আমরা হারিয়েছি বলে অনেকই মনে করেছিল আমরা বারিধারাকে হালকাভাবে নিয়েছি। কিন্তু আসলে তা না। আমাদের চার জন্য চোটগ্রস্ত ফুটবলার রয়েছেন। পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারিনি। আর তা ছাড়া বারিধারা ভাগ্য সহায়তা ছিল বলে ওরা এই রেজাল্ট করেছে।’
বৃহস্পতিবারের খেলা ঃ
মোহামেডান ঃ শেখ জামাল, আবাহনী ঃ বিজেএমসি (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা ৩০ ও ৭টা ৩০)। চট্টগ্রামে ঃ সকার ক্লাব ঃ চট্ট. আবাহনী (এমএ আজীজ স্টেডিয়াম, ৪টা)।
