ইনচিয়ন এশিয়ান গেমস ফুটবলে এবার তারুণ্যের আধিক্য দেখা যেতে পারে। কারণ এমনিতেই অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে এশিয়ান গেমস ফুটবলের জন্য দল গড়া হয়। তবে এই আইনি ব্যাপার নয়, কোচের চিন্তা মূলত ডিসেম্বরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে। সে জন্য এখন থেকেই তরুণ একটা দলকে তৈরি করে তুলতে চান। আর সেই তৈরি করার দারুণ প্লাটফর্ম হতে পারে এই এশিয়ান গেমস। আর কোচের এই পরিকল্পনার কারণে এবার বেশ কয়েকজন ফুটবলার তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন। এশিয়ান গেমস ফুটবলের জন্য নাম জমা দেয়ার শেষ সময় ছিল ৩০ এপ্রিল। ছটিতে থাকা ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফের পাঠানো খেলোয়াড়দের প্রাথমিক তালিকা বাফুফের টেবিল হয়ে বিওএ থেকে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। বিওএ সূত্র জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় ইনচিয়ন গেমসে ২১টি খেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ। এর মধ্যে ফুটবল থাকছে। বিওএ থেকে প্রায় সবক’টি খেলোয়াড় তালিকা পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৩০ ফুটবলারের নাম রয়েছে বলে জানা গেছে। বয়স না থাকা এবং পারফরম্যান্স বিচারে পিছিয়ে থাকার কারণেই হোক, জাতীয় দলের স্ট্রাইকার মিঠুন চৌধুরী, নাসিরুল ইসলাম নাসির, গোলকিপার বিপ্লব ভট্টাচার্য এবং আশরাফ মাহমুদ লিঙ্কন ডাক পাচ্ছেন না। তালিকায় ছয়জন সিনিয়র ফুটবলার রয়েছেন যারা ২৩ বছরের বেশি হলেও গেমস ফুটবলে খেলতে পারবেন। এর হলেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম, ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া, জাহিদ হাসান এমিলি, গোলকিপার মাজহারুল ইসলাম হিমেল, আতিকুর রহমান মিশু এবং জাহিদ হোসেন। এই ছয় ফুটবলারের মধ্যে কোন তিনজন থাকতে পারবেন, তা নিয়ে ভাবনায় আছেন খেলোয়াড়রা। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরে তিন সিনিয়র ফুটবলারের ভাগ্য নির্ধারণ করবেন ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ।
প্রথা অনুসারে অলিম্পিক, এশিয়ান গেমস এবং এসএ গেমস ফুটবলে ২৩ বছর বয়সের ফুটবলাররা অংশগ্রহণ করতে পারেন। এর মধ্যে বেশি বয়সের তিনজন খেলানো যায়।
জাতীয় দলে খেলেও যারা এশিয়ান গেমস ফুটবলের প্রাথমিক তালিকায় থাকছেন বলে শোনা যাচ্ছে। তারা হলেন রায়হান হাসান, তকলিস আহমেদ, তপু বর্মন, কেষ্ট কুমার বোস, ইয়াসিন খান, হেমন্তু ভিনসেন্ট, সোহেল রানা, ইয়ামিন মুন্না, গোলকিপার শহিদুল আলম সোহেল। আর এই তালিকায় আরো থাকছেন ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে আসা ফুটবলার রুবেল মিয়া এবং আমিনুর রহমান সজিব। পুনরায় ফিরতে যাচ্ছেন ফর্মে থাকা স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ, আসছেন ইমন বাবু, আব্দুল মালেক, ইমন বাবু এবং ওমর ফারুক বাবু। ডাক পাচ্ছেন জুয়েল রানা এবং হানিদুল ইসলাম। এশিয়ান গেমেস প্রথমবারের মতো যারা ডাক পাচ্ছেন তারা হলেন টুটুল হোসন বাদশা, আতিকুর রহমান ফাহাদ, গোলকিপার রাসেল মাহমুদ লিটন, গোলকিপার সুজন, মেজবা উদ্দিন এবং ওসমান গনি। ক্রুইফ কবে ফিরবেন তা চূড়ান্ত না। তবে জানা গেছে তিনি ১৫ মে ঢাকায় ফিরতে পারেন। কোরিয়ায় এশিয়ান গেমসের আসর অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর।
