আগে ঘোষিত সময় অনুযায়ী ১২ মে আগামী পাচ বছরের জন্য টিভি সত্ত্ব বিক্রির উন্মুক্ত নিলাম হওয়ার কথা ছিল। সে লক্ষে দরপত্র বিক্রিও শুরু হয়ে গেছে। তবে গতকাল বিসিবির সভাশেষে সভাপতি জানালেন, ‘মিডিয়া স্বত্বের সময় বাড়ানো হয়েছে। ১৬ তারিখে উন্মুক্ত বিড হবে। ১৪ তারিখে টেকনিক্যাল রিপোর্ট গ্রহণ করবো আমরা।’
সভাপতি একই সঙ্গে পরিষ্কার করলেন যে, কেন তারা এবার উন্মুক্ত নিলাম করছেন, ‘ওপেন বিড করাই ভালো হবে। এটা অনেক স্বচ্ছ। যে সর্বোচ্চ দর দেবে সে নিয়ে যাবে কারো কিছু করার নাই। ক্লোজ বিড হলে নেগোসিয়েশন করতে হয় এই ঝামেলা আমরা করতে চাচ্ছি না।’
ইতিমধ্যে দরপত্র বিক্রি শুরু হয়ে গেলেও এখনও নিলামের ভিত্তিমূল্য ঠিক হয়নি। সেটার জন্য একটি বিদেশী সংস্থাকে দায়িত্ব দেওয়ার চিন্তা করছে বিসিবি, ‘ফ্লোর প্রাইস আমরা ওয়ার্ক আউট করেছি। আমরা ঠিক করেছি একটি বিদেশী সংস্থাকে দিয়ে ভেল্যুয়েশন অ্যাসেস করবো। ওদের সঙ্গে যোগাযোগ হয়েছে ওরা ফি অনেক বেশি চেয়েছে। আমরা এটা কমানোর চেষ্টা করছি। কোনো প্রফেশনাল বডির কাছ থেকে আসলে আমাদের কত ভেল্যুয়েশন হওয়া উচিত্ আমরা কেউ জানি না। একবার পেয়ে গেলে এটা ভবিষ্যতেও কাজে লাগবে। অস্ট্রেলিয়ার একটা কোম্পানি।’
