শ্রীলঙ্কা সফরে ফিরতে পারেন ক্যালিস

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:২৫
আগামী জুলাই মাসে শ্রীলংকা সফরে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলে অলরাউন্ডার জ্যাক ক্যালিস থাকবেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল নির্বাচক কমিটির প্রধান অ্যান্ড্রু হাডসন। ৩৮ বছর বয়সী ক্যালিস আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার বিষয়ে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন। ভারতীয় পত্রিকা টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাত্কারে হাডসন বলেন, শ্রীলংকা সিরিজ হতে পারে ক্যালিসের আশা পূরণের একটা সোপান। ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত কোন ওয়ানডে ম্যাচ খেলেননি ক্যালিস। তবে গত বছর পাকিস্তান ও ভারতের বিপক্ষে হোম সিরিজে এই ফরম্যাটে দলে ফেরেন ক্যালিস। হাডসন বলেন, নির্বাচকের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বিশ্বকাপ দলে ক্যালিসের জায়গা নিশ্চিত নয়। তবে ক্যালিসের অন্তর্ভুক্তি দলের জন্য সবসময়ই ইতিবাচক জানিয়ে হাডসন বলেন, ‘ক্যালিস কোন সাধারণ মানের খেলোয়াড় নয় এবং যেকোন ফর্মেটেই তিনি দলের ভারসাম্য আনতে সক্ষম। আজকের ক্রিকেটে একজন ব্যাটিং অলরাউন্ডার সাধারণত দেখা যায় না। সে আমাদের চিন্তায় আছে । কিন্তু এখনো সে যথেষ্ট ফিট আছে এটা তাকে প্রমাণ করতে হবে এবং সত্যিই সে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চায় সেটাও তাকে প্রমাণ করতে হবে।’