টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের নিজস্ব সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট পিসি দিয়ে বাজারে শক্তিশালী অবস্থান তৈরিতে কাজ করে যাচ্ছে। এই সারফেস ট্যাবলেটগুলো ১০ ইঞ্চি আকৃতির মধ্যেই এতদিন সীমাবদ্ধ ছিল। তবে এবারে মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়ে একটু ছোট আকৃতির সারফেস তৈরি করার। সে কারণেই আইপ্যাড মিনি বা গ্যালাক্সি ট্যাব ৭.০-এর আদলে এবারে সারফেস মিনি বাজারে আনতে যাচ্ছে মাইক্রোসফট। কবে নাগাদ এটি বাজারে আসবে সে সম্পর্কে মাইক্রোসফট আনুষ্ঠানিক কোনো তথ্য না জানালেও অনলাইন সূত্রে জানা গেছে, চলতি মে মাসের ২০ তারিখেই বাজারে আসতে যাচ্ছে সারফেস মিনি। জানা গেছে, এই ছোট সারফেসের আকৃতি হবে ৭.৫ ইঞ্চি, যার ডিসপ্লে রেজ্যুলেশন হবে ১৪৪০ বাই ১০৮০ পিক্সেল। এআরএম চিপ ছাড়াও এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে উইন্ডোজ ৮.১। একে একটি গেমিং ট্যাবলেট হিসেবে বাজারে আনা হবে বলেও গুজব রয়েছে।
