মোশন কন্ট্রোলার বা শরীরের নড়াচড়ার সাথে ডিজিটাল ডিভাইসের যোগসূত্র এখন নানাভাবেই করা হচ্ছে। অগমেন্টেড রিয়েলিটি সমর্থিত গেম কনসোল ছাড়াও নানা ধরনের গ্যাজেটই এখন শরীরের নড়াচড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এমন ধরনের নড়াচড়াকে ডিভাইসের সাথে সমন্বয় করতেই তৈরি করা হয়েছে নড রিং কন্ট্রোলার। এটি মূলত একটি ব্লুটুথ রিং যা অঙুলে একটি আংটির মতো করেই পড়া যায়। এর ভেতরের অংশটি তৈরি করা হয়েছে ইস্পাতে। আর পুরো ডিভাইসটিই পানিরোধী। সব ধরনের মানুষই যেন এটি পড়তে পারে সে কারণে ১২টি ভিন্ন ভিন্ন আকৃতিতে এটি তৈরি করা হয়েছে। কিনোট প্রেজেন্টেশন বা এই ধরনের কাজগুলোকে কার্যকরীভাবে সম্পন্ন করতে এর উপরের অংশে রয়েছে একটি টাচ প্যানেল। পিসি, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইওএস ডিভাইস, নেস্ট থার্মোস্ট্যাট, ফিলিপস হিউ লাইট, এলজি টিভি, স্মার্ট হাতঘড়িসহ নানা ধরনের ডিভাইসের সাথে এটি কাজ করে। পিসি বা ম্যাকে একে এয়ার মাউস হিসেবেও ব্যবহার করা যায়। শরীরের নড়াচড়াকে নিখুঁতভাবে ধারণ করতে এতে রয়েছে নয়-অক্ষের অ্যাকসেলারোমিটার এবং কর্টেক্স এম৩ প্রসেসর। একবার চার্জ দিয়ে সারাদিনই ব্যবহার করা যায় একে। এর দাম রাখা হয়েছে ১৪৯ ডলার।
