রিয়াল প্রস্তুত: কার্লো অ্যানচেলোত্তি

আপডেট : ০৬ মে ২০১৪, ২২:০১
ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে পয়েন্ট হারিয়ে মানসিকভাবে পিছিয়ে পড়া রিয়াল সেই ধাক্কা সামলে আজ রিয়াল ভ্যালাদোলিদের বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন ক্লাবের কোচ কার্লো অ্যানচেলোত্তি। লা লিগা শিরোপা দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রিয়ালের। তবে ভ্যালাদোলিদের মাঠে আজ তারা পাচ্ছে না গ্যারেথ বেলকে। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দুই লেগ মিলে ৫-০ গোলে জয়ের পরই ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ঐ ড্র। ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে সেই রাতে ম্যাচ বাঁচাতে পারলেও শিরোপা দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে পড়ে রিয়াল। তবে ঐ হতাশা কাটিয়ে রিয়াল ট্রেবল জিততে প্রস্তুত জানিয়ে অ্যানচেলোত্তি বলেন, ‘আমার দল দারুণ খেলছে। আমাদের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছেন যারা ট্রফি জেতার জন্য মরিয়া। তাছাড়া মানসিকভাবেও আমাদের দল দারুণ শক্তিশালী। সুতরাং এখনো সবকিছুই সম্ভব।’ বায়ার্নের বিরুদ্ধে সেমিফাইনালের পর ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জেতাটা মোটেই সহজ ছিল না স্মরণ করিয়ে দিয়ে এই ইতালিয়ান কোচ আরো বলেন, ‘এটা মনে রাখতে হবে আমাদের একটা সেমিফাইনাল খেলতে হয়েছে। তারপর, ছিল মানসিক অবসাদের বিষয়টিও (ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের বিরুদ্ধে উল্লেখ করে)। আমরা হয়তো একটা সুযোগ হারিয়েছি তবে এখনই হাল ছেড়ে দেয়ার মতো কিছু হয়নি। গত ক’দিনে আমরা নিজেদের সেভাবেই প্রস্তুত করেছি। আমরা তৈরি। তবে সবাই জানে যে ভ্যালেন্সিয়ার চাইতে এখানে পুরোপুরি ভিন্ন একটা ম্যাচই অপেক্ষা করছে।’ এদিকে অবনমন আশঙ্কায় থাকা ভ্যালাদোলিদের বিরুদ্ধে এই ম্যাচে রিয়াল পাচ্ছে না তাদের মিলিয়ন ডলার ম্যান গ্যারেথ বেলকে। অ্যানচেলোত্তিই নিশ্চিত করেছেন বিষয়টি, রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে সামান্য চোট পেয়েছেন বেল। এদিকে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো আজ মাঠে নামতে পারবেন কিনা প্রশ্ন আছে সে নিয়েও। তবে রোনালদো ভক্তরা চাইলে আশ্বস্ত হতেই পারেন অ্যানচেলোত্তির কথায়। মঙ্গলবার পূর্ণাঙ্গ অনুশীলন না করলেও আজ ম্যাচের প্রথম একাদশেই রোনালদো থাকছেন বলে জানিয়েছেন অ্যানচেলোত্তি। তিনি বলেন,‘ কিছুটা ক্লান্তি ভর করলেও রোনালদো ভাল আছেন। অনুশীলনের একটি মাত্র পর্বে তিনি অংশ নিলেও ভ্যালাদোলিদের ম্যাচে তাকে পাওয়া যাবে। তবে চোটের কারণে একাদশের বাইরে থাকবেন বেল। অপরদিকে পেশীর টানজনিত সমস্যায় রয়েছে (দানি) কারভাইয়াল।’ ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ঐ ড্রয়ের পর এখন লিগ শিরোপা পুনরুদ্ধারে শেষ তিন ম্যাচে জেতার বিকল্প নেই রিয়ালের। পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদের হারের প্রার্থনাও করতে হবে তাদের। তিন ম্যাচ হাতে রেখে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা ব্লাঙ্কোসদের পয়েন্ট ৮৩। শেষ তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৯২। আর দুই ম্যাচ হাতে নিয়ে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো। যাদের শেষ ম্যাচটি দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সাথে। রিয়াল যদি সবগুলো ম্যাচ জেতে এবং অ্যাটলেটিকো ঐ ম্যাচে হেরে যায় সেক্ষেত্রে শিরোপা উঠবে রিয়ালের হাতে। আর অ্যাটলেটিকো-বার্সেলোনা ম্যাচটি ড্র হলেও শিরোপা জিতবে অ্যাটলেটিকোই। কারণ, পরস্পর মুখোমুখিতায় এগিয়ে আছে অ্যাটলেটিকো। তাই অ্যাটলেটিকোকে চাপে রাখতে ভ্যালাদোলিদের বিরুদ্ধে আজ জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না অ্যানচেলোত্তি, ‘ভ্যালাদোলিদের বিপক্ষের ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মত। কারণ আমরা যদি সেখানে জয়লাভ করতে না পারি তাহলে লিগ শিরোপা জয়ের কোন সুযোগই থাকবে না। তাই আমরা ম্যাচটির ব্যাপারে খুবই সজাগ। জয়ের জন্য যা যা করণীয় তার সব প্রচেষ্টাই আমরা চালাব। ম্যাচটি তাদের জন্যও বাঁচা-মরার লড়াইয়ের সামিল। কারণ হারের কারণে তাদের ওপরও রেলিগেশনের খড়গ নেমে আসবে। তাই তারাও সহজে হার মানতে রাজি হবে না।’ -বাসস