চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে নিজ দলের ব্যাটসম্যানরা ভাল করবে বলে আশা করছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন। গত বছর অ্যাওয়ে সিরিজে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও চলতি বছর ঘরোয়া প্রথম শ্রেণীর মৌসুমে বেশ কয়েকজন ব্যাটসম্যান ভাল করাতেই এমনটা আশা করছেন গিবসন।
গত বছর শেষ দিকে নিউজিল্যান্ড সফরে ক্যারিবীয়রা পুরোপুরি ব্যর্থ হয়েছিল এবং তিন ম্যাচের টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পরাজিত হয়েছিল। সিরিজের প্রথম ম্যাচেও তাদের পরাজয় ছিল অবধারিত। কিন্তু বৃষ্টির কারণে তা ড্র হওয়ায় হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল।
গিবসন জানিয়েছেন যে, সিরিজে ঘুরে দাঁড়ানোটা ওয়েস্ট ইন্ডিজের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি একটি ব্যাটিং ইউনিট হিসেবে তারা কি করতে সক্ষম সেটা প্রমাণেরও খুব প্রয়োজন ছিল। সানডে সান পত্রিকাকে গিবসন বলেন, ‘বিভিন্ন আঞ্চলিক দল থেকে বেশ কিছু সেঞ্চুরি দেখাটা সত্যিই খুব ভাল লক্ষণ। কারণ এটা বিভিন্ন আঞ্চলিক দলে ভাল ব্যাটসম্যানশীপের ইঙ্গিত বহন করে এবং পরবর্তী পর্যায়ে এটা খুবই দরকারি।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দলগতভাবে আমাদের ব্যাটিংটা মোটেও ভাল হচ্ছে না এবং এ দিকে আমাদের দৃষ্টি দেয়া প্রয়োজন। উপড়ন্তু শেষ নিউজিল্যান্ড সফরে আমরা নিজেরাই আমাদের ডুবিয়েছি। আমাদের নিজেদের অবস্থাও গুরুত্বপূর্ণ। গতবার সফরের সময় আমাদের বোর্ডের আভ্যন্তরীণ বেশ কিছু সমস্যা ছিল। সেগুলো কেটে যাওয়ায় এবার আমাদের প্রমাণ করা উচিত্ সে সময় যা ঘটেছিল- সেটা আসলে ক্রিকেট খেলার পথ নয়।’
তিনি আরও বলেন, ‘তবে রিচার্ড পাইবাসের (ডিরেক্টর অব ক্রিকেট) সঙ্গে ইতোমধ্যে আমার কয়েক দফা আলোচনা হয়েছে এবং ‘ক্রিকেটকে তিনি কোথায় নিয়ে যেতে চান’ সে বিষয়ে পরিষ্কার ধারণা দিয়েছেন।’
