আবার কোচ ওয়াকার

আপডেট : ০৬ মে ২০১৪, ২২:০১
আবারও ওয়াকার ইউনুসের উপরই ভরসা রাখলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী জুন মাস থেকে দ্বিতীয় মেয়াদে দু’বছরের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন সাবেক এই অধিনায়ক। ২০০৬-০৭ মৌসুমে প্রথম দফায় পাকিস্তানের বোলিং কোচ ছিলেন ওয়াকার ইউনুস। এরপর ২০১০-১১ মৌসুমে মূল কোচের দায়িত্বে চলে আসেন এই কিংবদন্তী পেসার। সেই অর্থে এই নিয়ে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। গত মার্চ-এপ্রিলে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন মঈন খান। কিন্তু, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জের ধরে তাকে ছাঁটাই করে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোর। দু’বছর মেয়াদী কোচের দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত ওয়াকার ইউনুস বলেন, ‘প্রধান কোচ হিসেবে নির্বাচিত হওয়ায় আমি খুবই খুশি। আমার প্রথম লক্ষ্য অবশ্যই সামনের বিশ্বকাপ। আগামী বছর অস্র্বেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করে নেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।’