জার্গেনসেন আমলের কোনো সাপোর্ট স্ট্যাফই যে আর থাকছেন না, সেটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগের দিনই নিশ্চিত করে দিয়েছিলেন। সেই নিশ্চয়তার সূত্র মেনেই গতকাল পদত্যাগ করেছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ কোরি রিচার্ডস। এই নিয়ে গত পনেরো দিনেরও কম সময়ে জাতীয় দলের তিন কোচ পদত্যাগ করলেন—প্রথমে ট্রেনার ডেভিড ডয়ার, এরপর হেড কোচ জার্গেনসেন এবং সর্বশেষ রিচার্ডস। ফলে জাতীয় দলে এখন কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু ও ফিজিওথেরাপিস্ট বিভব সিং ছাড়া পুরোনো আর কেউ রইলেন না।
রিচার্ডসের পদত্যাগের ভেতর দিয়ে নিশ্চিত হলো যে, বিসিবির কোচ অনুসন্ধান কমিটির কাজটা আরো বড়ই হতে যাচ্ছে। হেড কোচ তো পেতেই হবে তাদের। পাশাপাশি ফিল্ডিং কোচ ও ট্রেনার লাগবেই। এর সঙ্গে বোলিং ও ব্যাটিং বিশেষজ্ঞ মেলালে এক জাতীয় দলের জন্যই খুঁজতে হবে পাঁচ জন স্ট্যাফ! আবার অ্যাকাডেমির দায়িত্বে থাকা রিচার্ড ম্যাকিন্স চলে গেছেন কিছুদিন আগে। তার জায়গাতেও কাউকে নিতে হবে।
সর্বশেষ পদত্যাগ করা রিচার্ডস তার পদত্যাগ সম্পর্কে বলেছেন, জার্গেনসেন চলে যাওয়ায় তার থাকার আর কোনো অর্থ ছিল না। তাই তিনি পদত্যাগ করেছেন। আর নিজে এখন কোনো একটা দলের হেড কোচও হওয়ার আশা করছেন। যেটা বাংলাদেশে তার পাওয়া সম্ভব না বলেই বুঝতে পেরেছেন। তাই এমন সিদ্ধান্ত।
