আবারও বল হাতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে পারফরম্যান্স ধরে রাখলেন সাকিব। আর এর মধ্যেই দিল্লীর সাথে পার্থক্য গড়ে ওঠে কলকাতার। অনেক দিন পর জয়ের মুখ দেখলো গৌতম গম্ভীরের দল।
গতকাল দিল্লীর ফিরোজ শাহ কোটলায় স্বাগতিক দিল্লী ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে চার ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিনি। এর ফলে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬০ রান করে দিল্লী।
সর্বোচ্চ ৪০ রান আসে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান জেপি ডুমিনির ব্যাট থেকে। এছাড়া দিনেশ কার্তিক ৩৬ ও কেদার যাদব ২৬ রান করেন। সাকিব ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন জ্যাক ক্যালিস, সুনীল নারাইন ও উমেশ যাদব।
জবাবে দুই ওপেনার রবীন উথাপ্পা ও অধিনায়ক গৌতম গম্ভীরের ১০৬ রানের উদ্বোধনী জুটির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কলকাতাকে। মাত্র দুটি উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। দুটি উইকেটই নেন দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েন পারনেল।
কলকাতার হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন গৌতম গম্ভীর। এছাড়া রবীন উথাপ্পা ৪৭ ও মানিশ পান্ডে ২৩ রান করেন। এই জয়ের ফলে আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে কলকাতা। দলটির আগামী ম্যাচ আগামী ১১ তারিখ। কটকে তাদের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব।
