বিসিবির কোচ অনুসন্ধান

আগামী সপ্তাহেই সংক্ষিপ্ত তালিকা

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:১৫
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে বাংলাদেশের আবাহনী, মোহামেডান; সব জায়গাতেই দৃশ্যটা এক; কোচের বিদায় নিশ্চিত হতেই শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা—কে হচ্ছেন নতুন কোচ। আরও একবার সেই চক্রে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শেন জার্গেনসেনের বিদায়ের পর কে হচ্ছেন নতুন কোচ, তা নিয়ে গুঞ্জনের শেষ নেই। মাইকেল বেভান, অ্যান্ডি ফ্লাওয়ার, আকিব জাভেদ, হাতুরাসিংহে থেকে শুরু করে গ্যারি কার্স্টেনেরও নাম ছাপা হয়ে যাচ্ছে। কেউ কেউ আরও ভেতরের খবরও বলে ফেলছেন। কিন্তু বাস্তবতা হল, এসবকিছুই অনুমান। আসল ব্যাপারটা জানে শুধু কোচ অনুসন্ধান কমিটি। কমিটির পাঁচ সদস্য হলেন—জালাল ইউনুস, মাহবুব আনাম, আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সুজন। পাঁচ সদস্যের এই কমিটি অবশ্য শুরু থেকেই কারো নাম প্রকাশ করতে আপত্তি করে আসছেন। নিতান্ত প্রাথমিক পর্যায়ে থাকা আলাপ-আলোচনা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়েই এ অস্বীকৃতি। তবে গতকাল এটুকু জানা গেল যে, কমিটি একটি সংক্ষিপ্ত তালিকা করার ব্যাপারে বেশ এগিয়ে গেছেন। বোর্ড সভায় উপস্থিত থাকা এক পরিচালকের সূত্রে জানা গেল, সভায় অন্তত গোটা বিশেষ সম্ভাব্য নাম এসেছিল। মূলত যেসব আন্তর্জাতিক কোচ এখন কোথাও চাকরিতে নেই বা চাকরি ছাড়বেন বা আরেকটু ভালো চাকরি খুঁজছেন, এমন কোচদের নাম অনুমানের ভিত্তিতে আলোচিত হয়েছে। তখনই পাঁচ সদস্যের কমিটিকে বলা হয়, এদের মধ্যে যাদের সঙ্গে সম্ভব প্রাথমিক আলোচনা করে একটা সংক্ষিপ্ত তালিকা করতে। আর সেই তালিকা ধরেই শুরু হবে চূড়ান্ত দর কষাকষি। বোর্ডের একটি সূত্র বললো দিন সাতেকের মধ্যে, ভালো করে বললে ১৫ মে-এর মধ্যে সেই সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ফেলবে কমিটি; এমনটাই আশা করছেন তারা। তবে সূত্রটিই নিশ্চিত করলো, যে কারো সঙ্গেই আলোচনা গুরুতর পর্যায়ে পৌঁছায়নি। একই কথা বললেন কমিটির অন্যতম সদস্য ও বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুসও। তিনি মিডিয়ায় এসব গুঞ্জন নিয়ে বেশ একটু উষ্মা প্রকাশ করেই বললেন, ‘যেগুলো অনুমান করা হচ্ছে, তার অনেকগুলোই আমার কাছে হাস্যকর মনে হয়েছে। যতোদূর পর্যন্ত লেখা হচ্ছে, আমরা তো অতোদূর পৌঁছাইনি!’