শুরু হচ্ছে হ্যান্ডবল লিগ

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:১৬
মাঠ স্টেডিয়াম সবাই ছিল। তারপরও গত বছর প্রিমিয়ার হ্যান্ডবল লিগ আলোরমুখ দেখেনি। এবার লিগ শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৩ মে হ্যান্ডবল লিগ শুরু হবে। সময় নির্ধারণের সাথে সাথে খেলোয়াড় দলবদলের সময়টিও চূড়ান্ত করা হয়েছে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে। ১৯-২১ মে খেলোয়াড় দলবদল অনুষ্ঠিত হবে। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোতলায় দলবদল কার্যক্রম চলবে। ফেডারেশন থেকে ক্লাবগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। ১০ দল নিয়ে লিগ আয়োজন করে ফেডারেশন। রেলিগেশন হয় ২টি দল। এবার প্রথম বিভাগ থেকে দুটি দল উঠেছে। প্রথম বিভাগ চ্যাম্পিয়ন প্রাইম স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘ প্রিমিয়ারে খেলবে। এছাড়াও রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল মেঞ্জিস ক্রীড়া চক্র, রানার্সআপ নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, সূর্যোদয় ক্রীড়া চক্র, মেরিনার ইয়াংস ক্লাব, ওল্ড ভাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। গত মৌসুমে প্রত্যেক ক্লাবকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে। এবারো আর্থিক অনুদান দেয়া হবে বলে জানিয়েছেন লিগ কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গত বছর দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না। যে কারণে আমরা লিগটা আয়োজন করতে পারিনি। এবার আমাদের সব প্রস্তুতি আছে। আশাকরি সঠিক সময়ের মধ্যে খেলা শুরু হয়ে যাবে।’ প্রিমিয়ার হ্যান্ডবল লিগে তিন বিদেশি খেলোয়াড় খেলানোর নিয়ম আছে। আর সার্ভিসেস দলগুলো থেকে ২ জন করে খেলোয়াড় দলভুক্ত করতে পারবে ক্লাবগুলো।