তিয়েনআনমেন আন্দোলনের ২৫ বছর পর আবারো গ্রেফতার হলেন চীনা সাংবাদিক

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:০৭
তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলনের ২৫ বছরের মাথায় আবারো গ্রেফতার হলেন চীনের প্রখ্যাত সাংবাদিক গাও ইউ। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এপ্রিলের ২৫ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন তিনি। তবে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, রাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ৭০ বছর বয়সী গাও ইউর বিরুদ্ধে অভিযোগ- তিনি রাষ্ট্রীয় গোপনীয় তথ্য একটি বিদেশি ওয়েবসাইটে প্রকাশ করেছেন। তাছাড়া গত বেশ কিছুদিন ধরে তিনি সরকারবিরোধী মন্তব্য করে আসছিলেন। সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তিনি অনৈতিকভাবে এসব তথ্য চুরি করে বিদেশি ওয়েবসাইটে ফাঁস করে দিয়ে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রচারিত এক ভিডিওতে মুখমণ্ডল ঝাপসা করা এক নারীর বক্তব্য প্রচার করা হয়েছে। যেখানে এ ধরনের কাজ করেছেন বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। একযুগেরও বেশি সময় ধরে সরকারবিরোধী সমালোচনা করে চীনে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন গাও ইউ। ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলনের সময় ছাত্রদের সমর্থনে সরকারবিরোধী লেখার মাধ্যমে আন্দোলনকে গতিশীল করেছিলেন তিনি। ৩ জুন গ্রেফতার হন গাও ইউ।