জার্মানির ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

খেদিরা এলেন দলে নেই মারিও গোমেজ

আপডেট : ০৮ মে ২০১৪, ২২:১৯
জার্মান কোচ জোয়াকিম লোয়ে ব্রাজিল বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন। তাতে তরুণদের ঠাঁই হয়েছে বেশি। এর মধ্যে আছেন শালকে দুই মেধাবী কিশোর লিওন গোরেটজকা ও ম্যাক্স মায়ার। পরিচিতদের মধ্যে স্যামি খেদিরা ঠাঁই পেলেও বাদ পড়েছেন মারিও গোমেজ। বুন্দেশলিগায় এবারের মৌসুমে অভিষেক নিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ১৯ বছরের গোরেটজকা ও ১৮ বছরের মায়ার। কোচ লোয়ের পছন্দের মধ্যে আছেন বরুশিয়া ডর্টমুন্ডের এরিক ডার্ম, কম পরিচিত সাম্পদোরিয়ার কোদরান মুস্তাফি এবং ফ্রেইবুর্গের ম্যাথিয়াস জিন্টার। কোচ লোয়ে ২০১০ বিশ্বকাপের সময়ও একইভাবে তরুণদের প্রাধান্য দিয়েছিলেন। এটি ছিল জার্মানির ফুটবল ইতিহাসে ৭৬ বছরের মধ্যে সবচাইতে কমবয়সীদের দল। এর সুবাদে সেবার জার্মানি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপটিতে তৃতীয় স্থান পেয়েছিল। এ দফায় লোয়ে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার স্যামি খেদিরাকে দলে রেখেছেন। গত বছর হাঁটুর ইনজুরিতে পড়লেও এখন সেরে উঠে খেলায় ফিরেছেন তিনি। একই যাত্রায় অবশ্য দলে জায়গা হয়নি গোমেজের। অবশ্য ফিওরেন্তিনার হয়ে মৌসুমের অধিকাংশ সময়েই তাকে ইনজুরিতে ভুগতে হয়েছে। দল ঘোষণা সম্পর্কে লোয়ে গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘দল বাছাইয়ের সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এতে যেন সঠিক মাত্রায় অভিজ্ঞতা, দুরন্তপনা ও সজীবতার সংমিশ্রণ থাকে। গত কয়েক মাসে ইনজুরি ও অনুপস্থিতি বিবেচনায় জাতীয় দলের জন্য এটা কোন আদর্শ সময় নয়। তারপরও আমরা যথাযথভাবেই চ্যালেঞ্জ মোকাবেলা করবো এবং খুঁজে নেব সমাধান ও বিকল্পগুলো।’ এবারের বিশ্বকাপে জার্মানি ‘জি’ গ্রুপে পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্রের সাথে পড়েছে। অনেক বোদ্ধার মতেই এটা হলো ‘ডেথ গ্রুপ’।