শিরোপার কাছাকাছি পেলিগ্রিনির সিটি

আপডেট : ০৮ মে ২০১৪, ২২:২০
কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি বলেছেন এবার তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আশা করছেন। গত বুধবার রাতে নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলের চাইতে দুই পয়েন্টে এগিয়ে থাকার পর এ কথা বললেন চিলিয়ান এই কোচ। জিতলে এটি হবে ম্যানচেষ্টার সিটির তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় যা এখন কেবলই সময়ের ব্যাপার। কেননা এ জয়টির সুবাদে তারা শিরোপার নাগালের মধ্যে এসে দাঁড়ায়। সিটির চারটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। এডিন জেকো দুটি গোল করেন। একটি করে গোল আসে স্টেভান জোভেটিক ও ইয়াইয়া তোরের কাছ থেকে। এ নিয়ে চলতি মৌসুমে আক্রমণাত্মক ফুটবল খেলা ক্লাবটি ১০০ গোল করলো লিগে। শুধু তাই নয় জয়টির পর তিনি দৃশ্যত চেলসি কোচ হোসে মরিনহোকে খোচা দিয়েই বললেন তিনি তার দলের জন্য সৃষ্টিশীল ফুটবল খেলাটাকেই বেছে নিয়েছেন। পর্তুগীজ কোচ মরিনহো সাম্প্রতিক সময়ে নেতিবাচক ফুটবল খেলার কারণে ব্যাপক সমালোচিত হন। তাই প্রতিদ্বন্দ্বী কোচটিকে খোচা দিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমি শিরোপা জয় আশা করি। কারণ এখন আমরা টেবিলের শীর্ষে। এরপর শেষ খেলা। পরের খেলাটিতে জিতে আমরা শিরোপা তুলে নিতে পারি।’ তিনি আরো বলেন, ‘এটা অদ্ভূত একটা মৌসুম। কারণ আমরা কখনোই শীর্ষে ছিলাম না। সবাই বলছিল আমরা ফেবারিট। কিন্তু আমরা লিভারপুলের চেয়ে নয় এবং চেলসির তুলনায় আট পয়েন্ট পিছিয়ে ছিলাম। যদিও আমাদের খেলা বাকি ছিল তিনটি। কিন্তু সেগুলোতে তো আমাদের জিততে হতো। এখন আমরা শীর্ষে। আমি আশা করি আগামী রবিবার আমরা হারতে যাচ্ছি না।’ নিজেদের আক্রমণাত্মক খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের খেলার নিজস্ব একটা স্টাইল আছে। আমি মনে করি আমরা আকর্ষণীয় দল, আমরা অনেক গোল করেছি এবং আমরা সবসময় আরো বেশি গোল করার কথাই ভাবতাম। শিরোপা জেতার মতো সেটাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। সারা মৌসুম আমরা যে স্ট্াইলে খেলেছি, আমি আশা করি আমরা পরের খেলাটিও একইভাবে খেলবো। আমি এ দলটিকে এভাবে চালাতে পেরে খুবই আনন্দিত। পেলিগ্রিনির দলটির লিগে খেলা বাকি কেবল একটি। শেষ খেলায় নিজ মাঠে ওয়েস্ট হ্যামের সাথে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে তারা। অপরদিকে ক্ষীণ সম্ভাবনার মধ্যে থাকা লিভারপুলকে ২৪ বছরের মধ্যে প্রথম শিরোপাটি পেতে হলে প্রথমত নিউ ক্যাসলের বিরুদ্ধে জিততে হবে। এছাড়াও আশা করতে হবে সিটি যেন শেষ খেলাটিতে হারে। লিভারপুলের সাথে সিটির গোল ব্যবধান হলো ১৩। মজার ব্যাপার হলো পুরো মৌসুম জুড়ে সিটি কেবল ১১ দিন শীর্ষে কাটালো। লিভারপুলই আসলে দলটিকে শেষ মুহূর্তে সুবিধা করে দেয়। নিজ মাঠে চেলসির কাছে হার ও গেল সোমবার ক্রিস্টাল প্যালেসে ড্র করে কোচ ব্রেন্ডন রজার্সের লিভারপুল সামপ্রতিক সময়ে যতটা এগিয়েছিল তা বিসর্জন দেয়।