জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস শুরু আজ

আপডেট : ০৮ মে ২০১৪, ২২:২১
এক ঝাক কিশোরের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে ঢাকায় আজ শুরু হচ্ছে ৩৩তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে দুইদিনের আসরটি। কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফজলুল হকের মেয়ে আসমা হক ঢাকায় এসেছেন জুনিয়র অ্যাথলেটিকসে অংশগ্রহণ করতে। চোখে তার স্বপ্ন, ভালো মানের অ্যাথলেট হবেন। টিভির পর্দায় তারকা অ্যাথলেটদের দৌড় দেখেছেন। কিভাবে পুরুষের পাশাপাশি মেয়েরাও পদক জয় করছে। আসমা হকও নিজেকে সে জায়গায় দেখতে চান। নিজের এলাকায় খেলাধুলার উন্নত সরঞ্জাম নেই। বাড়ির সামনে মাঠে বাবা ফজলুল হক আর মা রাশিদা আক্তারের অনুপ্রেরণা নিয়ে অনুশীলনে যান। দেখতে চান একজন লং জাম্পার হয়ে কতটা এগুনো যায়। আসমা হকের মতো শেরপুরের নাদেরুল ইসলাম, সাদ্দাম হোসেনদের চোখে আজ থেকে শুরু হতে যাওয়া জুনিয়র অ্যাথলেটিকস উপরে উঠার সিঁড়ি। এখানে ভালো করতে পারলে বাছাই করা অ্যাথলেটদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পে তো ডাক পাওয়া যাবেই। একই সাথে আগামীতে সিনিয়রদের জাতীয় অ্যাথলেটিকসে যাওয়ার সুযোগ থাকছে। প্রায় ৪০০ অ্যাথলেট অংশগ্রহণ করবে বলে আশা করছেন আয়োজক অ্যাথলেটিক ফেডারেশন। গতকাল বিকাল পর্যন্ত ফেডারেশন নিশ্চিত করতে পারেনি কতগুলো দল এবার অংশগ্রহণ নিচ্ছে। কারণ তখনও এন্ট্রি চলছিল। সেই সাথে লম্বা লাইন ধরে চলছিল বয়স যাচাইয়ের কাজ। কারণ জুনিয়র অ্যাথলেটিকসে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ বছর বয়সের ছেলে ও মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করবে। যাচাই করা হচ্ছে বয়স। প্রতিবারের মতো এবারও প্রচণ্ড গরমের মধ্যে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস অনুষ্ঠিত হবে। এর কারণও আছে। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ডে উপলক্ষে তার সদস্যদের প্রতিবছর প্রায় এক হাজার ডলার অনুদান দেয়। সেটাকে কাজে লাগানো হয়েছে কিনা তা জানতে চায় আন্তর্জাতিক সংস্থাটি। সেটিকে জুনিয়র অ্যাথলেটিকসের সাথে মিশিয়ে জানিয়ে দেয়া হয় ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ডে পালিত হয়েছে। আর এর কারণে জুনিয়র অ্যাথলেটিকস গরমের মধ্যেই আয়োজন করতে হয়। অ্যাথলেটিকস কোচ রফিক উল্যা মিলন বলছেন, ‘গরমটা বড় সমস্যা। খেলোয়াড়দের পারফরম্যান্স সঠিকভাবে নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।’ গরম হলেও ভর দুপুরে খেলা রাখেনি অ্যাথলেটিকস ফেডারেশন। বেলা ১১টা পর্যন্ত খেলা হয়ে বিকালে পুনরায় লড়াই শুরু হবে। ৩৩টি ইভেন্টে খেলা হবে। জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস আয়োজন করতে ১৩ লাখ টাকা ব্যয় হবে বলে গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কানাডা ফেরত ইব্রাহিম চেঙ্গিস। স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন দিচ্ছে তিন লাখ টাকা। একই সাথে ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার জানিয়েছে জুনিয়রদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প করা হলে তারা এতে সহযোগিতার হাত বাড়াবেন। প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক মাহমুদুল হক বলেছেন, ‘প্রশিক্ষণ এবং উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রতিভা খুঁজে বের করতে প্রশিক্ষণের প্রয়োজন আছে।’ ওয়ালটন জানিয়েছে, যেসব অ্যাথলিট রেকর্ড করবে তাদেরকে প্রতিষ্ঠানের উত্পাদিত সামগ্রী দেয়া হবে। আর ফেডারেশন ঘোষণা করেছে, তারা দেবে ৫ হাজার করে টাকা।