চাইলেও পাওয়া যাবে না হোয়াটমোরকে

আপডেট : ০৮ মে ২০১৪, ২২:২১
যদিও কোনো গুঞ্জনে তার নাম ছিল না। কিন্তু বাংলাদেশের প্রধান কোচ পদে আরেকবার ডেভ হোয়াটমোরকে আশা করতেই পারতেন কেউ কেউ। বিশেষ করে পাকিস্তানের চাকরি ছেড়ে তিনি আপাতত ‘বেকার’ থাকায় এই অস্ট্রেলীয় কোচের কথা ভাবা যেতেই পারতো। কিন্তু এখন আর ভাবার উপায় নেই। কারণ, গতকাল আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, তাদের উন্নয়ন উপদেষ্টা কোচ হিসেবে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক এই কোচ। এই সময়কালে তিনি আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ প্রস্তুতিতে সহায়তা করবেন। অস্ট্রেলীয় কোচ হোয়াটমোরের বিশ্বজোড়া পরিচিতি মূলত ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানোয়। শ্রীলঙ্কাতেই বেড়ে ওঠা এই মানুষটি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন ২০০৩ সাল থেকে ২০০৭ সালের দারুণ সফল বিশ্বকাপ অভিযান পর্যন্ত। এরপর পাকিস্তান জাতীয় দলেরও দায়িত্ব সামলেছেন ডেভ। এবার আইসিসি ‘হাই পারফরম্যান্স সাপোর্ট স্ট্যাফ হিসেবে’ যোগ দিলেন হোয়াটমোর। তিনি এখানে মূলত উল্লেখিত চারটি দেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে কাজ করবেন। ১৪ মে স্কটল্যান্ড থেকে শুরু হবে হোয়াটমোরের অভিযান। তিনি পর্যায়ক্রমে চার দেশেরই কোচ ও দলের সঙ্গে সাক্ষাত্ করবেন। তাদের চাহিদা অনুযায়ী দলের সঙ্গে কাজ করবেন বা পরামর্শ দেবেন। আয়ারল্যান্ডের কোচ ফিল সিমন্স, আফগানিস্তানের কোচ কবির খান, স্কটল্যান্ডের কোচ ক্রেইগ হোয়াইট এবং আমিরাতের কোচ আকিব জাভেদ খুবই উচ্ছ্বসিত হোয়াটমোরের এই সহযোগিতার খবরে। তাকে আইসিসির এই মেগা ইভেন্টে পাশে পেয়ে উচ্ছ্বসিত আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনও। আর হোয়াটমোর নিজে বলছেন, ‘আইসিসির শীর্ষ সহযোগী ও স্বীকৃত দেশগুলোর সঙ্গে বিশ্বকাপ উপলক্ষে এই কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ হল যে কোনো ক্রিকেটারের জীবনের বৃহত্তম মঞ্চ। আমি চেষ্টা করবো, সে জন্য খেলোয়াড়দের প্রস্তুতিতে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে।’