আবাহনী ২ ঃ ১ বিজেএমসি
দিনের প্রথম ম্যাচে মোহামেডানের বিপক্ষে শেখ জামালের বড় জয়ের ফলে আবাহনী একটু পিছিয়েই পড়েছিল পয়েন্ট টেবিলের লড়াইয়ে। তবে শেষ পর্যন্ত নিজেদের ম্যাচে ২-১ গোলে বিজেএমসিকে হারিয়ে হাসি নিয়েই মাঠ ছেড়েছে আবাহনী। গোল করেছেন আবাহনীর সুয়োরেস ও শাহেদ এবং বিজেএমসির গিনির ইসমাইল বাঙ্গুরা।
বিজেএমসি ম্যাচ হারলেও খেলার শুরুটা ছিল বিজেএমসির হাতে। একতরফা ফুটবল খেলছিল বিজেএমসি। আবাহনীর সুজন ও ওয়ালী ফয়সাল না থাকায় রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিতে প্রায় গোলের কাছাকাছি গিয়েও গোল পায়নি বিজেএমসি। আক্রমণের চাপে থাকা আবাহনী ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে গোল পেয়েছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যায় প্রথমার্ধটা বিজেএমসির হলেও আর দ্বিতীয়ার্ধটা ছিল আবাহনীর। বিজেএমসির গোল মিসের সুযোগ আবাহনী ভালোভাবেই কাজে লাগিয়েছে। ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি পেয়ে গোল করে আবাহনী। পর্তুগীজ ফুটবলার সুয়ারেস পেনাল্টি থেকে দলকে প্রথম এগিয়ে দেন। ১০ মিনিট ব্যবধানে শাহেদ গোল করেন। শাহেদ বল পাস দিয়েছিলেন মরিসনকে। কিন্তু তিনি পা লাগানোর আগেই বল ঘুরে গিয়ে বিজেএমসির জালে জড়ায়।
এরপর আবাহনী লিডটা আরও বড় করে ফেলতে পারতো। কিন্তু মরিসন বিজেএমসির ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে শট করলেন।
ম্যাচে ফেরার জন্য বিজেএমসি অবশ্য প্রবল চেষ্টা করেছে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে সেই চেষ্টায় ফল পেলো তারা। সেট পিস থেকে আসা বলে মাথা লাগিয়ে গিনির ইসমাইল বাঙ্গুরা দারুণ এক গোল করে ব্যবধান কমান।
আবাহনী ১৪ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং বিজেএমসি ১৪ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।
