স্প্যানিশ রাজধানীর দুই ক্লাব রিয়াল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট হারানোর পর লা লিগা শিরোপা এখন উন্মুক্ত পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলের জন্যই। ফলে মাত্র সপ্তাহ খানেক আগেও যেখানে বার্সেলোনার শিরোপা স্বপ্ন ছিল মৃতপ্রায়, সেখানে শিরোপা ধরে রাখার দারুণ সুযোগ তাদের সামনে। আর প্রতিপক্ষের ভুলের সুবাদে পাওয়া সেই সুযোগকে কাজে লাগাতে মরিয়া ক্লাবের তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযাত্রার সবচেয়ে বড় ভরসা এই তারকা পৃথক এক সাক্ষাত্কারে তার দল ছাড়ার সম্ভাবনা নিতান্ত গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
লিগ শিরোপা ধরে রাখার মিশনে আগামীকালই এলচের মাঠে প্রথম পরীক্ষাটা দিতে হবে কাতালানদের। তুলনামূলক বিচারে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এই ম্যাচের পর লিগের শেষ দিনে তারা মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল অ্যাটলেটিকোর বিরুদ্ধে। নূ ক্যাম্পে ঐ ম্যাচে জিততে পারলে পরস্পর মুখোমুখিতার বিচারে শিরোপা জিতবে মেসির দলই।
রিয়াল-অ্যাটলেটিকোর হোঁচটে প্রায় হারানো শিরোপা সম্ভাবনা এখন আবার উজ্জ্বল বার্সেলোনার। এবার আর সেটাকে মুঠো গলে হারিয়ে যেতে দিতে নারাজ মেসি। চারবারের ফিফা বর্ষসেরা এই তারকা বলেন, ‘কয়েক সপ্তাহ আগের বিষয়গুলো হিসাব করলে বলতে হবে এখন আমরা অনেক ভালো অবস্থায় আছি। আমরা দেখতে পাচ্ছি, শিরোপা জেতার একটা সুযোগ আমাদের সামনে আছে এবং (সেটা হবে কিনা তা) একান্তই আমাদের উপর নির্ভর করছে। অন্যরা কি করছে তার উপর আমাদের নির্ভর করতে হচ্ছে না। আমাদের অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাতে হবে যেন সেটা হাত ফস্কে না বেরিয়ে যায়।’
এদিকে গণমাধ্যমে তার ক্লাব ছাড়ার ব্যাপারে একের পর এক সংবাদ ছাপাতে থাকলেও সেগুলোকে কেবল গুজব বলে উড়িয়ে দিয়েছেন মেসি। তিনি বলেন, ‘আমার বিষয়ে গত কয়েক সপ্তাহ কিংবা পুরো বছর ধরেই গণমাধ্যমে অনেক সংবাদ উঠে আসছে। তবে আমি বলছি সেগুলোর বেশিরভাগই মিথ্যা এবং নিতান্তই ফালতু। কারণ আমি (এখানে) খুবই ভাল বোধ করছি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরোপা জেতার মতো বিশ্বাস আমাদের আছে। এটা কঠিন একটা সময় চলছে সন্দেহ নেই তবে লিগ জেতার সম্ভাবনা আমাদের আছে, এই মুহূর্তে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এদিকে বার্সেলোনা মেসির সঙ্গে চুক্তি নবায়নের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
