ঝামেলা যেন পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান ফুটবলের। শ্রমিক অসন্তোষ, বিশ্বকাপ উপলক্ষে বাড়তি খরচের কারণে বিশ্বকাপ বিরোধী আন্দোলন আর স্টেডিয়াম দুর্ঘটনায় একের পর এক শ্রমিকের মৃত্যু চলছেই। ব্রাজিলের বিশ্বকাপ ফুটবল ভেন্যু প্রস্তুতি কাজে নিয়োজিত আরো এক শ্রমিক বিদ্যুত্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার মারা গেছেন। কর্তৃপক্ষের একটি সূত্র বার্তাসংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছে। ফলে ব্রাজিলের বিভিন্ন ভেন্যু নির্মাণের কাজে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে উন্নীত হয়েছে।
কুইয়াবার নবনির্মিত প্যানটানাল এরিনার করিডোরে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুত্পৃষ্ট হয়ে মারা যান ৩২ বছর বয়সী ওই কর্মী। বিশ্বকাপ পরিচালনার আঞ্চলিক দপ্তরের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘দুঃখজনক ওই ঘটনার পরও ৪৩ হাজার আসন বিশিষ্ট সেন্ট্রাল-ওয়েস্টার্ন ব্রাজিলের প্রস্তুতির কাজ অব্যাহত থাকবে। কারণ বিশ্বকাপের বাকী আর মাত্র ৫ সপ্তাহ।
নির্ধারিত সময় পার করে ১৮ মে উদ্বোধন হবার কথা রয়েছে ওই স্টেডিয়ামের। যেখানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ৪টি ম্যাচ। আগামী ১৩ জুন সেখানে ১ম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে চিলি ও অস্ট্রেলিয়া।
ক্রীড়া মন্ত্রী এলডো রেবেলো এক বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আলী ম্যাসিয়েল এ্যাফনসোর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিলের বিভিন্ন এলাকায় ১২টি স্টেডিয়ামের নির্মাণ ও সংস্কার কাজে বেশ ক’টি দুর্ঘটনা ঘটেছে। যাতে এ পর্যন্ত ৮ ব্যক্তি প্রাণ হারিয়েছে। সময়মত স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন করতে না পেরে সময়ের সঙ্গে পাল¬া দিয়ে লড়তে হয়েছে শ্রমিকদের। শুধু স্টেডিয়াম নির্মাণ নয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিমান বন্দরের সংস্কার কাজেও হাত দিতে হয়েছে কর্তৃপক্ষকে। ৩১ ডিসেম্বর বিশ্বকাপের ১২টি ভেন্যু প্রস্তুতি কাজ শেষ করে ফিফার কাছে হস্তান্তরের চূড়ান্ত সময়সূচি নির্ধারণের পরও সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি ব্রাজিল। সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রস্তুতি কাজ সম্পন্ন হয়নি কুইয়াবা, সাওপাওলো, কিউরিটিবা ও পোর্তো এ্যালেগ্রের। শেষ পর্যন্ত আয়োজক রাষ্ট্রের ‘শেষ মুহূর্ত পর্যন্ত প্রস্তুতির কাজ’ মেনে নিতে বাধ্য হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বলেছে, খেলা শুরুর আগে স্টেডিয়ামগুলো প্রস্তুত হয়ে যাবে।
