ব্যারেটার বাজি ব্রাজিল

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০১
বিশ্বকাপ ফুটবলে হোসে রামিরেজ ব্যারেটোর বাজি ব্রাজিল। তার ধারণা, এ বার ব্রাজিলই কাপ জেতার ব্যাপারে বড় দাবিদার। শুধু তা-ই নয়, ভারতের আই লিগে খেলা সেরা ব্রাজিলিয়ান স্ট্রাইকার হোসে রামিরেজ ব্যারেটো মনে করেন “দক্ষিণ আমেরিকার দেশগুলোও এ বার বিশ্বকাপে ভাল ফল করবে।” সমপ্রতি কলকাতার ইস্টবেঙ্গল মাঠে একটি স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে এ মন্তব্য করেন ব্যারেটো। ব্রাজিলে শুরু হতে যাওয়া বিশ্বকাপটি নিয়ে কথা বলছিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি নেইমারের চোট, মেসি-রোনালদোদের ফর্ম নিয়েও কথা বলেন। তার মতে, “ক্লাব ফুটবলের সঙ্গে বিশ্বকাপের তুলনা চলে না। এটা একেবারে আলাদা মঞ্চ। নেইমার সুস্থ হয়ে বিশ্বকাপে ভাল খেলতেই পারেন। মেসি এখন ছন্দে নেই। তবে বিশ্বকাপে মেসি সফল হতেই পারে। আর ক্রিশ্চিয়ানো রোনালদো যে ভাবে প্রতিদিন উন্নতি করছে তাতে ওর কাছে প্রত্যাশা অনেক বেশি থাকবে।” বিশ্বকাপে নিজের দেশকে এগিয়ে রাখার কারণ ব্যাখ্যায় ব্যারেটো কলকাতার এক পত্রিকাকে বলেন,“কনফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়াটা ব্রাজিলকে মানসিকভাবে উদ্বুদ্ধ করবে। ব্রাজিল দলের ফুটবলাররাও ছন্দে রয়েছে। ”-ওয়েবসাইট