লুইস ফেলিপে স্কলারির ব্রাজিল বিশ্বকাপের দলে জায়গা না হলেও এখনই ভেঙ্গে পড়ছেন না কাকা। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে অনুপস্থিত এই মিডফিল্ডার ডাক পেলেই বরং বেশি অবাক হতেন বলে মন্তব্য করেছেন।
ব্রাজিলকে ২০০২ সালের বিশ্বকাপ জেতানো কোচ স্কলারি নিজের দেশে আগামী ১২ জুন থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপের দল ঘোষণা করেন। যেখানে ঠাঁই হয়নি কাকা, রোনালদিনহো, রবিনহো কিংবা লুকাস মৌরার মতো সাবেক তারকার। বাদ পড়েন লিভারপুলের তরুণ মিডফিল্ডার ফিলিপে কটিনহোর মতো তারকাও। কটিনহো, মৌরাদের তুলনায় কাকার সুযোগ না পাওয়াটা অবশ্য খুব বড় কোন বিস্ময় হয়ে আসেনি। কারণ, জাতীয় দলের জার্সি গায়ে এই এসি মিলান মিডফিল্ডার সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন গত বছরের মার্চে। তাই স্কলারির দলে জায়গা না হওয়ায় খুব বেশি অবাক হননি বলেই জানালেন কাকা। দলে জায়গা পেতে নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলেন জানিয়ে ৩২ বছর বয়সী এই তারকা স্কাই স্পোর্টস ইতালিয়াকে বলেন, ‘এটা অবশ্যই হতাশার একটা ব্যাপার। তবে আমি মোটেই দু:খিত নই। কারণ, নিজের সামর্থ্যের সবকিছুই আমি করেছি। স্কলারি সব সময়ই একটা ধারা মেনে চলেন এবং নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিয়ে থাকেন।’
