শেখ রাসেলের শেষ ম্যাচ আজ

আপডেট : ১০ মে ২০১৪, ২২:১২
শেখ রাসেল ক্রীড়া চক্র আগের খেলায় শ্রীলংকার বিমান বাহিনী দলকে শোচনীয়ভাবে হারানোর পর আজ রবিবার এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠা নিশ্চিত করতে ভুটানের উগেইন একাডেমি ফুটবল ক্লাবের মুখোমুখি হচ্ছে। কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে বিকাল ৪ টায় শুরু হবে খেলাটি। প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে এটাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের তৃতীয় ও শেষ খেলা। এতে বড় ব্যবধানে জিতলে শেখ রাসেল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হতে পারে। তবে ড্রও তাদের চূড়ান্ত পর্বে নিয়ে যাবে। গ্রুপ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী হলো ২০১৩ সালের ফাইনালিস্ট পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরি ফুটবল ক্লাব। শ্রীলংকায় অনুষ্ঠানরত টুর্নামেন্টটিতে শেখ রাসেল নিজেদের প্রথম খেলায় পাকিস্তানের ক্লাবটির সাথে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট পেয়েছিল। এরপর গত শুক্রবার স্বাগতিক ক্লাবটিকে ৫-০ গোলে হারিয়ে পায় আরো তিন পয়েন্ট। ফলে পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরি ক্লাব ও শেখ রাসেল সমান চার পয়েন্ট পায়। তবে শ্রেয়তর গোল ব্যবধানের কারণে আজকের আগ পর্যন্ত শীর্ষে আছে বাংলাদেশের দলটি। আজকের অপর খেলায় পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরি ও শ্রীলংকার বিমান বাহিনী দল পরস্পরের মুখোমুখি হবে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে শেষ ম্যাচের আগে কোন অনুশীলন সেশন করেনি শেখ রাসেল। কোচ দ্রাগান দুকানোভিচ ছুটি দিয়েছিলেন ফুটবলারদের। ফলে কেউ টেবিল টেনিস আর কেউ ক্যারম, দাবা খেলে কাটিয়েছেন। অবশ্য দুপুরে সুইমিংয়ের আগে সবাই মিলে একসাথে বিচ ভলিবল খেলেছেন। কোচ বলেছেন, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যেতে চাই।তাঁর মতে, “টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দলের সাথে ম্যাচ হলেও, বাকি দুই ম্যাচের সমান গুরুত্বদিয়েই মাঠে নামতে চাই। জিতলে গ্রুপ সেরা আর এই আত্মবিশ্বাস দেশে ফিরেও কাজে লাগবে”। অপরদিকে ডিফেন্ডার হাসান আর মামুন বলেন, “এই ধারাটা দেশে ফিরেও ধরে রাখতে চাই। যে অবস্থায় টিম আছে, আশা করি তারচেয়েও ভালো ফুটবল আগামীতে উপহার দিতে পারবো” এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল পয়েন্ট টেবিল (খেলা, জয়, ড্র, হার, গোলপক্ষে বিপক্ষে ও পয়েন্ট এই অনুক্রমে) শেখ রাসেল ২ ১ ১ ০ ৫/০ ৪ খান রিসার্চ ল্যাবরেটরি ২ ১ ১ ০ ৩/০ ৪ শ্রীলংকার বিমান বাহিনী ২ ১ ০ ১ ১/৫ ৩ উগেইন একাডেমি ২ ০ ০ ২ ০/৪ ০