বোল্টের অনুরোধ

আপডেট : ১০ মে ২০১৪, ২২:১৩
জ্যামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট তার চুরি হয়ে যাওয়া রানিং সুগুলো ফেরত দিতে অনুরোধ জানিয়েছেন। গত মাসে দক্ষিণ লন্ডনের ক্রয়ডন এলাকা থেকে বোল্টের বিশেষ এ জুতা জোড়া হারিয়ে যায়। বোল্ট ২০০৯ সালে বিশ্ব রেকর্ড করার সময় পুমার কমলা রংয়ের এই জুতা জোড়া নিয়েই দৌড়িয়েছিলেন। তার ছবিসহ জুতা জোড়া এক সাথে রাখা হয়েছিল। ধারণা করা হয়, দাতব্য কাজের জন্য নিলামে বিক্রির করতে এই জুতাগুলো সেখানে রাখা হয়েছিল। এর মূল্য ৩২ হাজার ডলার হবে বলে মনে করা হচ্ছে। ক্রয়ডনের এক বাণিজ্যিক প্রতিষ্ঠানে এগুলো রাখা হয়েছিল। পুলিশও এ সম্পর্কে কোন তথ্য থাকলে তা তাদের জানাতে অনুরোধ জানিয়েছে। সর্বশেষ বিশ্বের দ্রুততম মানবটিও এই জুতা জোড়া ফেরত দেয়ার জন্য টুইটারে অনুরোধ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। তাই বলে ক্রয়ডনে উসাইন বোল্ট স্বাক্ষরিত জুতা জোড়া আপনি চুরি করতে গেলেন কেন ... আমি জানি আপনারা এটা ফেরত দিয়ে দিচ্ছেন। তাই নয় কি? তিনি আরো লেখেন, ‘এজন্য আপনাদের কেবল আমাকে একটার জন্য বললেই হতো। এ জিনিসটা চুরি করার কোন দরকার ছিল না। এখন ফেরত দিন।’ বোল্ট এরপর এক জোড়া নতুন জুতায় স্বাক্ষর করা অবস্থায় তার নিজের একটা ছবি ছেপে লেখেন, ‘আমার জন্য পাগল কোন সমর্থক ওইটা চুরি করার পর এটাই স্বাভাবিক যে, আমি বেশ কয়েকটি জুতায় স্বাক্ষর করছি। পরবর্তীতে ফেডএক্সে সরাসরি সেগুলো লন্ডনে চলে যাবে।’ -বাসস