সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার চান আগামী বছরের বিশ্ব কাপে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শহিদ আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব দিক। আফ্রিদি ৩৭৮টি ওয়ানডে ম্যাচের ক্যারিয়ারে ৩৪ বার পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের দলেও থাকবেন বলে ধারণা করা হচ্ছে। শোয়েব আখতারের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ‘আফ্রিদি কেবলমাত্র একজন ব্যাটসম্যান নন। বোলার হিসেবে তার যোগ্যতা এবং আক্রমণাত্মক মনোভাবই জাতীয় ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার জন্য যথেষ্ট।’ সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস সম্প্রতি অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোরের স্থলে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়েও পাকিস্তানের ক্রিকেট পক্ষ বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছে। ওয়াকার ইউনিসের প্রথম দায়িত্ব হবে জুলাই মাসে শ্রীলংকা সফরে দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। এরপর অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান আগামী বছরের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মোকাবিলা করবে।
