প্রথম দু’দিন একেবারে খটখটে ব্যাটিং উইকেটে দু’ দলেরই ব্যাটসম্যানদের আত্মহনন দেখে অনেকেই হতাশ হয়েছিলেন। আগের রাতে বৃষ্টি হওয়ায় গতকালও সেরকম হতাশাজনক ব্যাটিং হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু সবকিছু পাল্টে দেয়ার সিদ্ধান্ত নিলেন ইমরুল কায়েস ও মোহাম্মদ মিথুন। এই দু’জনের, বিশেষ করে ইমরুলের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল এখন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হাতের মুঠোয়।
৩৬ রানে এগিয়ে থেকে গতকাল ম্যাচের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল দক্ষিণাঞ্চল। সারা দিন উত্তরাঞ্চলের বোলারদের হতাশ করে তারা এগিয়ে গেছে বিশাল লিডের দিকে। ইমরুলের ২০৪ রানের ইনিংস এবং মিথুনের অপরাজিত ১১১ রানের কল্যাণে দিনশেষে দক্ষিণাঞ্চলের রান ৩ উইকেটে ৪১০; গতকাল পর্যন্ত লিড তাদের ৪৪৬ রানের। দিনশেষে ইমরুল কায়েস নিশ্চিত করেছেন, আজ আরো রানের বোঝা চাপিয়ে তবে উত্তরাঞ্চলকে শেষ ইনিংসে ব্যাট করতে ডাকবেন তারা।
দু’ দলই প্রথম ইনিংসে অলআউট হয়েছিল তিনশ’ রানের নিচে। গতকাল দলীয় ২১ রানে ওপেনার এনামুল হক বিজয় ফিরে এলে মনে হচ্ছিল, আরো একটা ওরকম মাঝারি ইনিংস দেখবে মিরপুর। এরপর অবশ্য সৌম্য সরকারকে নিয়ে প্রথম প্রতিরোধটা গড়ে তোলেন ইমরুল। দু’জনে দ্বিতীয় উইকেটে ৮০ রান যোগ করার পর ফিরে আসেন ৪১ রান করা সৌম্য। আর এরপরই মহাকাব্যিক এক জুটি করে এগিয়ে যান ইমরুল ও মিথুন।
তৃতীয় উইকেটে এই দু’জন যোগ করেন ২৫৪ রান। শেষ পর্যন্ত ইমরুল কায়েসের বিদায়ে এই বিশাল জুটি যখন ভাঙে, ততক্ষণে তার নামের পাশে ডাবল সেঞ্চুরি লেখা হয়ে গেছে। এ মৌসুমে আরো একজন ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে আত্মপ্রকাশ করলেন ইমরুল। সেই সঙ্গে এই ইনিংসের ফলে ৫১১ রান নিয়ে বিসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন ইমরুল। এই ম্যাচেই সেঞ্চুরি করার ভেতর দিয়ে সামসুর রহমানকে টপকে রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন মিথুনও।
ইমরুল ফেরার পর আর কোনো বিপাকে পড়তে হয়নি দক্ষিণাঞ্চলকে। শুভাগতকে নিয়ে বাকী সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন মিথুন।
স্কোর কার্ড
ফাইনাল
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল (১ম ইনিংস)
৮৩ ওভারে: ২৭১/১০
দ্বিতীয় ইনিংস:
রান বল ৪ ৬
ইমরুল কায়েস ক শুভাশীষ ব ফরহাদ ২০৪ ২৬৬ ২০ ৯
এনামুল ব তাইজুল ২১ ৪১ ২ ১
সৌম্য রানআউট ৪১ ৭৪ ৪ ১
মিথুন ব্যাটিং ১১১ ১৫৫ ১৩ ৫
শুভাগত ব্যাটিং ১০ ১০ ১ ০
অতিরিক্ত (বা-১২, লেবা-২, ও-৩, নো ৬) ২৩
মোট: ৯০ ওভারে ৪১০/৩
বোলিং: শুভাশীষ: ১৩-১-৮৪-০, ফরহাদ রেজা: ৮-২-৩৪-১, তাইজুল ২৭-২-১০৯-১, নাঈম ৭-২-২১-০, নাসির ৭-১-২৬-০, সানজামুল ১৫-২-৬৫-০, ফরহাদ হোসেন ২-১-৯-০, তানভীর ৯-০-৩৩-০, জুনায়েদ ২-০-১৫-০
বিসিবি উত্তরাঞ্চল: ১ম ইনিংস
৯৭.৫ ওভারে: ২৩৫/১০
(তৃতীয় দিন শেষে দিন শেষে)
