জার্মানির অভিজ্ঞ স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা জানিয়েছেন জাতীয় দল থেকে বিদায়ের আগে তিনি বিশ্ব কাপে রোনাল্ডোর ১৫ গোলের রেকর্ড ভাঙ্গতে চান। জার্মানির হয়ে গত তিন বিশ্ব কাপে ১৪ গোল করা ল্যাজিও স্ট্রাইকার ক্লোসা ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডোর চেয়ে কেবল এক গোলে পিছিয়ে আছেন। ক্লোসা চিলির সাথে বুধবারের প্রীতি ম্যাচের আগে মিউনিখের দৈনিক পত্রিকা সুয়েডেশখ জেইটাংকে বলেন, ‘এটা করতে আগ্রহী নই এমন কথা আমি বলতে পারি না, আমিও অবশ্যই এর জন্য উচ্চাভিলাসি। তবে সব সময়ই দল আগে।’ এটি হবে জার্মানির হয়ে ক্লোসার ১৩১তম ম্যাচ।
বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা চলতি মৌসুমে ইনজুরি নিয়ে সমস্যায় আছেন। গত সেপ্টেম্বরে পায়ে অস্ত্রোপচার এবং এরপর নভেম্বরে কাঁধে সমস্যা দেখা দেয়। এ কারণেই হয়তো তারকা স্ট্রাইকারটি বলেন, ২০১৬ ইউরো সম্ভবত তার কাছে অনেক দূরের বিষয়।
বর্তমানে ৩৫ বছর বয়সী ক্লোসা বলেন, ‘আমি মনে করি ব্রাজিল বিশ্বকাপই হবে আমার শেষ টুর্নামেন্ট। আমার ফিটনেসের যে অবস্থা তাতে সর্বোচ্চ পর্যায়ে আরো দু’বছর খেলা চালিয়ে যাওয়া আমি কঠিন মনে করছি।’ জার্মানি ‘জি’ গ্রুপে ১৬ জুন পর্তুগালের বিপক্ষে খেলে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ঘানা এবং সাবেক জার্মান কোচ উর্গেন ক্লিন্সম্যানের প্রশিক্ষণে থাকা যুক্তরাষ্ট্র দলের মুখোমুখি হবে জার্মানরা। ল্যাজিও সঙ্গে ক্লোসার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে এবং তুলনামূলক কম পারিশ্রমিকে ক্লাবটি তার সঙ্গে আরো এক বছরের চুক্তি বৃদ্ধি করতে চায় বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকে পাওয়া কিছু প্রস্তাব বিবেচনায় রেখেছেন তিনি।
ক্লোসা বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আরো বেশ কিছু ভাল প্রস্তাব রয়েছে। জল্পনা-কল্পনা কাউকে সাহায্য করে না। তবে আমি নিশ্চিত যে সর্বোচ্চ পর্যায়ে আমি আরো কিছু দিন খেলা চালিয়ে যেতে চাই।’ জাতীয় দলের হয়ে ২০০১ সালের মার্চে নিজের আন্তর্জাতিক অভিষেক এবং বয়স বেড়ে যাওয়া সত্ত্বেও ক্লোসা বলেন, জার্মান দলের অনুশীলন পর্বে এখনো তিনি সবচেয়ে দ্রুতগতি সম্পন্নদের মধ্যে একজন। অনুশীলনকালে সবচেয়ে কঠোর পরিশ্রমের খ্যাতির অধিকারী ক্লোসা বলেন, ‘স্পিন্টের সময় আমি শীর্ষ তিনের পরিবর্তে শীর্ষ পাঁচে থাকি। কিন্তু অনেক লোকই জানে না আমি কতটা কঠিন প্রকৃতির লোক।’-বাসস
