জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রিটে বিচারক নিয়োগ অবৈধ ঘোষণার পাশাপাশি মামলার যাবতীয় বিচার কার্যক্রম স্থগিতের আবেদন জানানো হয়েছে। খালেদা জিয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আসাদুজ্জামান সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দুটি দায়ের করেন।
আবেদনে ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট -১৯৫৮ এর ৩ ধারা উল্লেখ করে বলা হয়েছে, এ ধরনের মামলার বিচার কাজ পরিচালনার জন্য যিনি বিচারকের দায়িত্ব পালন করবেন গেজেট নোটিফিকেশন করে যথাযথ কর্তৃপক্ষ তাকে নতুন করে নিয়োগ দিবে। কিন্তু খালেদা জিয়ার দুটি মামলার বিচার কাজ পরিচালনাকারী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়ের নামে কোনো গেজেট নোটিফিকেশন জারি করা হয়নি। যেহেতু গেজেট নোটিফিকেশন না করে তাকে এই মামলার বিচারের দায়িত্ব দেয়া হয়েছে সেহেতু এই বিচারকের কার্যক্রম বেআইনি ও অবৈধ। তাই মামলার কার্যক্রম স্থগিত করা হোক।
রিট আবেদনে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক), বিশেষ জজ আদালত-৩ এর বিচারককে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার অপর আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।
