এলচের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট হারানোর সুযোগে এক ম্যাচ রেখেই লা লিগা শিরোপা নিশ্চিত করার দারুণ এক সুযোগই পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে গত শনিবার রাতে নিজেদের মাঠে মালাগার ১-১ গোলে ড্র করে সে সুযোগ নষ্ট করলো দিয়েগো সিমিওনের দল। ফলে শিরোপার মীমাংসা হচ্ছে আগামী ১৭ তারিখই। যেদিন নূ ক্যাম্পে নিজেদের শেষ খেলায় পরস্পর মোকাবেলা করবে দু’দল। শিরোপা ধরে রাখতে ঐ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বার্সেলোনার, অন্যদিকে অ্যাটলেটিকোর কেবল ড্র হলেই চলবে। এদিকে শীর্ষ দুই দলের পয়েন্ট খোয়ানোর রাতে হেরেই বসেছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর মাঠে ২-০ গোলে হেরে গেছে তারা।
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের সাথে পরিষ্কার ব্যবধান নিয়ে অ্যাটলেটিকো যখন লা লিগা পয়েন্ট টেবিলে রাজত্ব করছিল সিমিওনে তখনই বলেছিলেন, লিগ শিরোপার মীমাংসা এবার শেষ ম্যাচেই হচ্ছে। আর্জেন্টাইন এই কোচের বক্তব্যকে তখন অনেকেই দলকে চাপহীন রাখার কৌশল বলে উড়িয়ে দিলেও শেষ পর্যন্ত হচ্ছে তাই।
অথচ শেষ ম্যাচের আগেই শিরোপা নিশ্চিত করে ফেলার দারুণ একটা সুযোগই মালাগার বিরুদ্ধে পেয়েছিল তারা। লেভান্তের বিরুদ্ধে আগের ম্যাচে ২-০ গোলে হারের ধাক্কা সামলে স্বাগতিক দর্শকদের সামনে এরাতে শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক খেলছিল অ্যাটলেটিকো। দিয়েগো কস্তার চোটের কারণে প্রধান স্ট্রাইকারের ভূমিকায় খেলতে নামা ডেভিড ভিয়া পৌঁছে গিয়েছিলেন গোলের কাছেও। তবে তার শট ক্রস বারে প্রতিহত হলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষটা যেখান থেকে হয়েছিল, দ্বিতীয়ার্ধের শুরুটাও সেখান থেকেই করে স্বাগতিকরা। গোলের এক পর এক সুযোগ সৃষ্টি করতে থাকলেও শেষ পর্যন্ত হতাশই হতে হয় তাদের। উল্টো স্যামুয়েল গার্সিয়ার গোলে ৬৫ মিনিটে এগিয়ে যায় সফরকারিরা। এরপর ৭৪ মিনিটে টবি অ্যাল্ডারওয়াইল্ডের গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো। একমাত্র ম্যাচ হাতে রেখে অ্যাটলেটিকোর পয়েন্ট ৮৯। অথচ এ ম্যাচ জিতে গেলে তাদের পয়েন্ট দাঁড়াতো ৯১। সেক্ষেত্রে শেষ ম্যাচে হেরে গেলেও ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতো তারা।
অন্যদিকে লিওনেল মেসি-আর্নেস্ত ইনিয়েস্তাদের একের পর এক আক্রমণ রুখে দিয়ে বার্সেলোনাকে জয় বঞ্চিত করার মূল কৃতিত্ব এলচে গোলরক্ষক মানুর। তবে অ্যাটলেটিকোর ড্রতে শেষ পর্যন্ত এই পয়েন্ট হারানোটা খুব বড় কোন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি জেরার্ডো মার্টিনোর দলের জন্য। দিন দুয়েক আগেও যেখানে বার্সেলোনার শিরোপা স্বপ্ন ছিল না বললেই চলে, সে তুলনায় অ্যাটলেটিকোর টানা পয়েন্ট খোয়ানোতে এখন তাদের শিরোপা ধরে রাখার স্বপ্নটা উজ্জ্বলই বলা চলে।
ভ্যালেন্সিয়া এবং রিয়াল ভ্যালাদোলিদের সঙ্গে টানা ড্রর পর শিরোপার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সেল্টা ভিগোর বিরুদ্ধে জয়ের কোন বিকল্প ছিল না রিয়ালের। কিন্তু রক্ষণ দুর্বলতায় প্রতিপক্ষ স্ট্রাইকার চার্লসের জোড়া লক্ষ্যভেদে শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠ থেকে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় কার্লো অ্যানচেলোত্তির শিষ্যদের।
