শিরোপা স্বপ্নে তরুণরাই ইংল্যান্ড কোচের ভরসা

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৮
কোচ রয় হজসন ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের ইংল্যান্ড দল বেছে নেয়ার সময় তারুণ্যকেই প্রাধান্য দিয়েছেন। গতকাল লন্ডনে দলটি ঘোষণার সময় ৪৮ বছর পর দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের চেষ্টায় তরুণ মেধাদের সুযোগ দেয়ার কথা নিশ্চিত করেন তিনি। ইংল্যান্ড দলে উল্লেখ করার মতো অনুপস্থিতি হলো ম্যানচেষ্টার ইউনাইটেডের মিডফিল্ডার মাইকেল ক্যারিক। হজসনই দুই বছর আগে তাকে আন্তর্জাতিক অবসর থেকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু তিন মিডফিল্ডার রস বার্কলি, জর্ডান হেন্ডারসন ও জ্যাক উইলশেয়ারকে জায়গা দিতে তিনি ক্যারিককে উপেক্ষা করেন। ক্যারিক ছাড়াও উপেক্ষার শিকার হন অ্যাশলি কোল ও জার্মেইন ডেফো যারা সম্মিলিতভাবে জাতীয় দলে ১৬২টি ম্যাচ খেলেছেন। ক্যারিক স্ট্যান্ড বাই তালিকায় আছেন যদিও ইউরো ২০১২’র সময় এমনটায় রাজি হননি তিনি। ব্রাজিলগামী ইংল্যান্ড দলে হজসনের তালিকায় আছেন কেবল চারজন স্ট্রাইকার। এরা হলেন ওয়েন রুনি, ড্যানিয়েল স্টারিজ, ড্যানি ওয়েলবেক ও ল্যাম্বার্ট। ৩৫ বছর বয়সী ফ্র্যাংক ল্যাম্পার্ড দলে থাকলেও ইংল্যান্ডের মধ্যমাঠটি তারুণ্যে ভরা। হজসন এ দলটি সম্পর্কে বলেন,‘অনেকগুলো সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। আমি আশা করি এরপরও দলটি নিজেই নিজের সম্পর্কে জানান দেবে এবং তারা দেশকে ডুবাবে না। এ দলটির বিশ্বকাপ জয়ে কি আমি বিশ্বাস করি? হ্যা, নইলে বিশ্বকাপে একটা দলকে নিয়ে যাওয়ার কি অর্থ আছে। তবে এ ধরণের প্রশ্ন জানতে চাওয়া কেবলই কিছু শব্দ উচ্চারন করা। আপনি অন্য কোচদের কাছে জানতে চাইলেও উত্তর হবে একই রকম।’ ইংল্যান্ড ১৪ জুন ব্রাজিলের মানাউস এ ইটালির মোকাবেলার মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর উরুগুয়ে ও কোস্টারিকার সাথে গ্রুপের অন্য দুটি ম্যাচ খেলবে। গোলরক্ষক: জো হার্ট (ম্যানচেস্টার সিটি), বেন ফস্টার (ওয়েস্ট ব্রম), ফ্রেজার ফরস্টার (সেল্টিক)। ডিফেন্ডার: লেইটন বেইনেস (এভারটন), গ্যারি কাহিল (চেলসি), ফিল জ্যাজিয়েলকা (এভারটন), গ্লেন জনসন (লিভারপুল), ফিল জোন্স (ম্যানচেস্টার ইউনাইটেড), লুক শ (সাউদাম্পটন), ক্রিস স্ম্যালিং (ম্যানচেস্টার ইউনাইটেড)। মিডফিল্ডার: রস বার্কলি (এভারটন), স্টিফেন জেরার্ড (লিভারপুল), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), অ্যাডাম ল্যালানা (সাউদাম্পটন), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (চেলসি), জেমস মিলনার (ম্যানচেস্টার সিটি), অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন (আর্সেনাল), রাহিম স্টার্লিং (লিভারপুল), জ্যাক উইলশায়ার (আর্সেনাল)। স্ট্রাইকার: রিকি ল্যাম্বার্ট (সাউদাম্পটন), ওয়েইন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল), ড্যানি ওয়েলব্যাক (ম্যানচেস্টার ইউনাইটেড)। স্ট্যান্ড বাই: জন রুডি (নরউইচ সিটি), জন ফ্লানাগান (লিভারপুল), জন স্টোন (এভারটন), মাইকেল ক্যারিক (ম্যানচেস্টার ইউনাইটেড), টম ক্লেভারলি (ম্যানচেস্টার ইউনাইটেড), অ্যান্ডি ক্যারল (ওয়েস্ট হ্যাম), জার্মেইন ডিফো (টরোন্টো এফসি)।