বিশ্বকাপের মধ্যে ভারত সিরিজ

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৮
সারা দুনিয়া তখন মেতে থাকবে ফুটবল উত্সবে; কিন্তু জুনের মাঝামাঝি সেই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট দল ব্যস্ত থাকবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। জুনের শুরুতে ভারতের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাটিতে একটা ওয়ানডে সিরিজ খেলবে— এমনটাই জানা ছিল। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে ক্রিকইনফো নিশ্চিত করেছে যে, জুনের ১৫, ১৭ ও ১৯ তারিখে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। তার মানে ফুটবল বিশ্বকাপ শুরুর দুই দিন পর এই সিরিজ শুরু হবে। সিরিজের সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। দিন-তারিখের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান নিশ্চিত করে অবশ্য কিছু বলতে পারলেন না। তিনি বললেন, ‘আমি এখন চট্টগ্রামে আছি। তাই দিন-তারিখের ব্যাপারে চূড়ান্ত কিছু বলতে পারছি না। তবে আপনি যে সময় বলছেন; ওই সময়েই হবে সম্ভবত সিরিজটা।’ যতদূর জানা গেছে, আইপিএল শেষ হওয়ার পরপরই এই সিরিজে ভারতের হয়ে খেলতে আসবেন না তাদের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তার ডেপুটি বিরাট কোহলি। ধোনি এই সময়টাতে পরিবারকে নিয়ে অবসর কাটানোর জন্য ছুটি চেয়েছেন। তার এ ছুটি অনুমোদনের ব্যাপারে বিসিসিআই নীতিগত সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। ধোনির অনুপস্থিতিতে গত কিছুদিন মাঝে মাঝেই দল চালানো, বিশেষ করে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেয়া বিরাট কোহলিও লম্বা মৌসুমের দখল সামলাতে ছুটি চেয়েছেন। এ ছুটির ব্যাপারে বিসিসিআই এখনো সিদ্ধান্ত নেয়নি। ধোনি ও কোহলির অনুপস্থিতিতে গত কয়েক বছরে দলকে নেতৃত্ব দিয়েছেন তিন জন ক্রিকেটার— বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর ও সুরেশ রায়না। এরা তিন জনের কেউ এশিয়া কাপের দলেই ছিলেন না। ফলে দলে তারা ফিরলেও রাতারাতি অধিনায়কত্ব পাবেন, এটা ভাবা কঠিন। ফলে ঢাকায় অনুষ্ঠিতব্য এই সিরিজে ভারতের নেতৃত্ব দিতে হতে পারে রোহিত শর্মা বা রবিচন্দন অশ্বিনকে। ভারতের এই বাংলাদেশ সফরটি প্রকৃত ভবিষ্যত্ সফর সূচির (এফটিপি) অংশ ছিল না; কিন্তু আইসিসির চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বি-পাক্ষিক সমঝোতায় গত ফেব্রুয়ারির আইসিসি সভায় এই সিরিজের প্রথম কথা হয়। এরপর এপ্রিলে সেটার চুক্তি স্বাক্ষর হয়। বলা হয়, বাংলাদেশকে সংস্কারের পক্ষে রাখতে বিসিবিকে এই সিরিজটিসহ আরো দুইটি সিরিজ উপহার দিচ্ছে ভারত। বিসিবির জন্য এই সিরিজটির ঘোষণা আসাটা খুব জরুরি ছিল। ঠিখ এই মুহূর্তে বিসিবি ৬ বছরের টিভিস্বত্ব বিক্রি নিয়ে কাজ করছে; যার নিলাম হবে ২৪ এপ্রিল। আর এই টিভিস্বত্বের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ভারতের বিপক্ষে এটিসহ দুইটি হোম সিরিজ।