সমর্থকরাই পার্থক্য গড়ে দেবে: মার্টিনো

আপডেট : ১২ মে ২০১৪, ২২:৩০
অ্যাটলেটিকো মাদ্রিদের টানা পয়েন্ট হারানোর সুযোগে লিগ শিরোপা ধরে রাখার দারুণ সুযোগ এখন বার্সেলোনার সামনে। আর সেটা করতে হলে লিগে নিজেদের শেষ ম্যাচে তাদের হারাতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। নিজেদের মাঠে আগামী ১৭ তারিখের সেই ম্যাচে স্বাগতিক দর্শকরাই বার্সেলোনাকে এগিয়ে রাখবেন বলে মনে করছেন কাতালান কোচ জেরার্ডো মার্টিনো। মেসি-জাভি-ইনিয়েস্তাদের একের পর এক আক্রমণ সত্ত্বেও প্রতিপক্ষ রক্ষণ আর গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত এলচের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হয় বার্সেলোনা। যদিও জিতলেও অবস্থার খুব একটা পরিবর্তন হতো না। শিরোপা ধরে রাখতে শেষ ম্যাচে জয়ের সমীকরণই থাকতো তাদের সামনে। অথচ সপ্তাহ দুয়েক আগেও অবস্থাটা ছিল ভিন্ন। টানা পয়েন্ট হারানোর ধকলে বার্সেলোনার শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় শেষই হয়ে গিয়েছিল। নিজেকে বার্সেলোনার কোচ হিসাবে অযোগ্য ঘোষণা করে মার্টিনো বলেছিলেন, ‘বার্সেলোনার কোচের পদে থাকার যোগ্যতা আমার নেই।’ তাই হঠাত্ পাওয়া এই সুযোগে দারুণ উল্লসিত এই আর্জেন্টাইন। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শিরোপা জয়ের একটা সম্ভাবনা নিয়ে লিগের শেষ ম্যাচে খেলতে নামাটা। শেষ দিকের মিনিটগুলোতে আমরা (শনিবার রাতে) গোলের জন্য প্রাণান্ত চেষ্টা করেছি। কিন্তু এলচের কাছ থেকে গোল হজম না করাটা ছিল আরো গুরুত্বপূর্ণ। কারণ, সেরকম কিছু হলে আমরা লড়াই থেকে ছিটকে পড়তাম। আমার বিশ্বাস মৌসুমের শেষ ৯০ মিনিটে আমরা দর্শকদের কাছ থেকে পরিপূর্ণ সমর্থনই পাব। আর সেটা হলে আমাদের লিগ জিততে না পারার কোন কারণ নেই।’