এবারের ইউরোপীয় ফুটবল মৌসুমে সবচেয়ে বেশি দর্শক টেনেছে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মানির বুন্দেশলিগায় দলটি চ্যাম্পিয়ন বায়ার্নের পেছনে থেকে রানার্স আপ হয়েছে। ২০১৩-১৪ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দলটির নিজ মাঠের খেলায় গড়ে ৮০ হাজারের বেশি দর্শক এসেছেন মাঠে। বুন্দেশলিগা, চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান কাপ ও জার্মান সুপার কাপের ২৪টি খেলায় ডর্টমুন্ড ১৮ লাখ ৫৫ হাজার দর্শককে স্বাগত জানিয়েছিল। এর আগের বছর এ সংখ্যাটি ছিল ১৮ লাখ ৮৪ হাজার। ক্লাবটি গতকাল সোমবার তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। উল্লেখ্য, বরুশিয়া গেল বছরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে ব্যাপক সাড়া জাগিয়েছিল। যদিও শিরোপা লড়াইয়ে আরেক জার্মান ক্লাব বায়ার্নের কাছে পরাস্ত হয়েছিল দলটি।
