কোলেস্টেরলের ওষুধে অধিক আহারের প্রবণতা?

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:২৮
রক্তের কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিন সেবনকারীদের চর্বি ও অধিক ক্যালরিযুক্ত খাবার আহারের প্রবণতা বাড়ে। তাই বিশেষজ্ঞগণ প্রশ্ন তুলেছেন স্ট্যাটিন অধিক আহারের লাইসেন্স কি-না। গবেষকগণ দেখেছেন, স্ট্যাটিন সেবনকারীদের খারাপ কোলেস্টেরল এলডিএল এবং টোটাল কোলেস্টেরল হ্রাস পেয়েছে কিন্তু স্ট্যাটিন সেবনকারীদের দৈনিক ক্যালরি ইনটেক শতকরা ৯ ভাগ এবং ফ্যাট আহারের পরিমাণ শতকরা ১৪ দশমিক ৪ ভাগ বেড়েছে। তবে যারা কোলেস্টেরল কমানোর ওষুধ সেবন করেন না তাদের ক্যালরি ইনটেক এবং ফ্যাট বা চর্বি জাতীয় খাবার আহারের কোনো তারতম্য হয়নি। বিশেষজ্ঞগণ এটাও দেখেছেন, যারা কোলেস্টেরল কমানোর ওষুধ সেবন করেন তাদের মধ্যে পরিমিত আহারের প্রবণতা কম থাকে। তাদের অনেকের ধারণা, যেহেতু কোলেস্টেরল কমানোর ওষুধ সেবন করছেন সে কারণে খাবার অতটা নিয়ন্ত্রণের দরকার কি। এমনটি বলেছেন, টোকিওর ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ এন্ড মেডিসিনের ফেলো এবং লিড অথার ড: তাকেহিরো সুগিয়ামা। তাই বিশেষজ্ঞগণ বলছেন, যারা কোলেস্টেরল কমানোর ওষুধ সেবন করেন তাদের একই সঙ্গে চর্বিযুক্ত ও অধিক ক্যালরিযুক্ত খাবারও নিয়ন্ত্রণ করা উচিত। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ